প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১২:৫৫ পিএম
একজন বড়পর্দায় বড় ভিলেন; অন্যজন হিন্দি ও দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা। অভিনেতা বিজয় বর্মা ও তামান্না ভাটিয়ার কথাই বলা হচ্ছিল। এখন থেকে অবশ্য তাদের নাম এক সঙ্গেই নিতে হবে। চলতি বছরের শেষদিকে শুরু হওয়া তাদের প্রেমের গুঞ্জনকে তামান্না এবার নিজেই সত্য বলে স্বীকৃতি দিয়ে জানান ‘লাস্ট স্টোরিজ ২’-এর সেটেই বিজয় বর্মার সঙ্গে নাকি তার সম্পর্ক হয়েছে। এই সিনেমাই তামান্না এবং বিজয়ের জুটি হিসেবে প্রথম কাজ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নববর্ষের এক পার্টিতে চুম্বনরত অবস্থায় প্রথম ফ্রেমবন্দি হয়েছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা। সে সময় এক সঙ্গে নাচও করেছেন তারা। তবে তারপর থেকে কখনও এয়ারপোর্ট তো কখনও ডিনার ডেটে একত্রে দেখা গেলেও প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। তবে শেষমেশ একটি সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জনকে স্বীকার করে নিলেন অভিনেত্রী।
তামান্নার কথায়, ‘আমার মনে হয় না আপনি কারও প্রতি শুধু এই কারণেই আকৃষ্ট হতে পারেন যে আপনি তার সহ-অভিনেত্রী। আমি আজ পর্যন্ত অনেক সহ-অভিনেতার সঙ্গে কাজ করেছি। কারও জন্য খুব ব্যক্তিগত কিছু যতক্ষণ না পর্যন্ত আপনি অনুভব করছেন, তাদের পেশা সেক্ষেত্রে জরুরি নয়। মানে তাদের পেশার জন্যই আপনি আকৃষ্ট হবেন সেটা নয়।’
এ ছাড়া বিজয় সম্পর্কে বলতে গিয়ে তামান্না জানান, ‘ও এমন একজন, যার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করেছে। আমিও তাই নিজেকে আর ঠেকিয়ে রাখিনি। উচ্চাকাঙ্ক্ষী নারীদের একটা সমস্যা হলো আমাদের মনে হয় সবকিছুর জন্য আমাদের খুব কঠিন লড়াই লড়তে হবে।… আমি নিজের জন্য একটা পৃথিবী তৈরি করে রেখেছি, আর সেখানে একটা মানুষ সেই জগৎটাকে আপন করে নিয়েছে, আমাকে তার জন্য কোনো ঝক্কি পোহাতে হয়নি। বিজয় এমন একজন মানুষ, যার প্রতি আমি ভীষণরকমভাবে যত্নশীল। আর হ্যা, ও আমার সব খুশির ঠিকানা।’
এদিকে এর আগে তামান্না এবং বিজয়ের সম্পর্ক নিয়ে অভিনেতা গুলশন দেবিহা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘কুছ তো হ্যায়… কিন্তু কী আছে তা ঠিক বলতে পারব না। দুজনের রসায়ন ফাটাফাটি এটা বলতে পারি।’
দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও অতিপরিচিত নাম তামান্না। অন্যদিকে চরিত্রাভিনেতা হিসেবেই বেশি দেখা মেলে বিজয় বর্মার। ‘গল্লি বয়’ থেকে শুরু করে ‘পিঙ্ক’, ‘মান্টো’র মতো অন্য ধারার ছবির পরিচিত মুখ বিজয়। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবি ‘ডার্লিংস’-এ বউ পেটানো স্বামীর চরিত্রে দাগ কেটেছেন তিনি।
প্রসঙ্গত যৌন আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে সাজানো ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্না-বিজয় ছাড়াও থাকছেন নীনা গুপ্তা, কাজল, মৃণাল ঠাকুর, তিলোত্তমা সোম ও অমৃতা সুভাষের মতো শিল্পীরা। সিনেমার টিজারে নজরে এসেছে তামান্না-বিজয়ের কেমিস্ট্রি। আর. বালকি, সুজয় ঘোষ, কঙ্কনা সেনশর্মা এবং অমিত রবিন্দেরনাথ শর্মা পরিচালিত ‘লাস্ট স্টোরিজ ২’-এর আগামী ২৯ জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ।