প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১২:৩৭ পিএম
‘ব্রেকিং ব্যাড’ সিরিজটি দিয়ে দর্শক-মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন। সিরিজটিকে সর্বকালের অন্যতম সেরা প্রযোজনা হিসেবে বিবেচনা করা হয়। এতে ওয়াল্টার হোয়াইটের ভূমিকায় তার অনবদ্য অভিনয় অনেক অভিনয়শিল্পীর জন্য অনুকরণীয়। তবে এ বর্ষীয়ান অভিনেতা নিজের চেনা ভুবনকে বিদায় জানাচ্ছেন। সম্প্রতি তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, অভিনয়কে বিদায় জানানোর সময় চলে এসেছে তার।
এ সাক্ষাৎকারে ব্রায়ান জানান, আমেরিকা ছেড়ে নিজ গ্রামে চলে যাবেন এই ৬৭ বছর বয়সি অভিনেতা। অভিনয়জীবনকে কিছুদিনের মধ্যে বিদায় জানাবেন। নিজ গ্রামে গিয়ে স্ত্রী রবিন ডেরডেনের সঙ্গে একটা সাদামাটা জীবনযাপন করতে চান তিনি। রবিন ডেরডেনের সঙ্গে ৩০ বছরের দাম্পত্য জীবন ব্রায়ান ক্র্যানস্টনের।
জানা গেছে, ব্রায়ানের জন্মস্থান ফ্রান্সে। ২০২৬ সাল নাগাদ তিনি আমেরিকা ছেড়ে সেখানে পাড়ি দেবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এ অভিনেতা ওয়েস অ্যান্ডারসনের পরিচালনায় ‘অ্যাস্টোরোয়েড সিটি’ শিরোনামে একটি সিনেমায় কাজ করছেন।
এদিকে বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর রিইউনিয়ন হতে যাচ্ছে। ২০০৮ সালে প্রথম সিরিজটি মুক্তি পায়। ১৫ বছর পর তাই সিরিজটির একটি রিইউনিয়ন আয়োজন করতে চেয়েছিল এর প্রযোজক কর্তৃপক্ষ। চাউর হয়েছিল ‘ব্রেকিং ব্যাড’-এর নতুন সিজন নির্মাণের।
তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন ব্রায়ান ক্র্যানস্টন। তিনি এক সাক্ষাৎকারে জানান, ‘প্রযোজনা কর্তৃপক্ষ চেয়েছিল ব্রেকিং ব্যাডের ১৫ বছরের একটি রিইউনিয়ন করতে। কিন্তু তাতে আমার আগ্রহ নেই। যেকোনো শিল্প একবারই ঘটে। পরে তার আবেদন কমে যায়। এখন তারা ১৫ বছর উপলক্ষে একটি রিইউনিয়ন করেত চায়। পরে চাইবে ২৫ বছর, এমনকি ৩০ বছর পূর্তি উপলক্ষে নতুন এপিসোড বানাতে। কিন্তু এগুলোতে আমার মন সায় দেয় না।
কিছুদিন আগে ব্রেকিং ব্যাডের অভিনেতা মাইক বাতায়ে মারা গেছেন। গত ১ জুন মিশিগানে নিজের বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। তিনি ‘ব্রেকিং ব্যাড’-এ লন্ড্রোম্যাট ম্যানেজার ডেনিস মার্কোস্কির চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মাইক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।