প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৫:০২ পিএম
বিয়ে নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়। এই দুই নায়কের বিয়ে নিয়ে শোরগোল এখন টালিপাড়ায়। পরমব্রত-আবিরের বিয়ে নিয়ে সমস্যা তৈরি হয়েছে মূলত রাজা চন্দর পরিচালনায় নতুন বাংলা ছবি 'বিয়ে বিভ্রাট'-এ। যেখানে মুখ্য দুই চরিত্রে দেখা যাবে এ দুজনকে। সিনেমায় বিয়ের পাত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী লহমা ভট্টাচার্যকে।
সম্প্রতি সামনে এসেছে ছবির পোস্টার। যেখানে বর সাজে মাথায় টোপর পড়ে দেখা যাচ্ছে দুই অভিনেতাকে। মাঝে কনের সাজে লহমা ভট্টাচার্য। দুই পাত্রের গলার মালা শক্ত হাতে ধরে রেখেছেন তিনি। বিয়েটা কার সঙ্গে হবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। যদিও তার উত্তর মিলবে শিগগিরই।
টালিপাড়ার প্রথম সারির দুই অভিনেতা পরমব্রত এবং আবিরকে এর আগে একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল 'বাইশে শ্রাবন', 'শাহাজাহান রেজেন্সি', 'বাস্তু শাপ', 'পুতুল নাচের ইতিকথা' ছবিতে। এই দুই অভিনেতার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তবে পুরোদস্তুর কমার্শিয়াল মজার এই ছবিতে দুই অভিনেতার অভিনয় কেমন হবে সেটাই দেখার জন্য এখন মুখিয়ে রয়েছেন দর্শক।
নতুন এ সিনেমাটির গল্প লিখেছেন পরমব্রত নিজেই। সেইসঙ্গে ছবিটি প্রযোজনার দায়িত্বও একা হাতে সামলাচ্ছেন তিনি। আগামী ১৪ জুলাই মুক্তি পেতে চলেছে নতুন এ সিনেমাটি।