× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় বছর পর

মহিউদ্দিন মাহি

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১১:৫৩ এএম

ছয় বছর পর

নাগরিক নাট্য সম্প্রদায় বাংলাদেশের একটি জনপ্রিয় মঞ্চ নাট্যগোষ্ঠী। ১৯৬৮ সালে প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানীর বাড়িতে আতাউর রহমান, জিয়া হায়দার প্রমুখ নাট্যব্যক্তিত্বের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় নাগরিক নাট্য সম্প্রদায়। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জিয়া হায়দার, সাধারণ সম্পাদক আতাউর রহমান। এখন পর্যন্ত ৪৬টি নাটক মঞ্চে এনেছে দলটি। তার ভিড়ে বহু নাটক হয়েছে দর্শকনন্দিত।

সেই সঙ্গে উপহার দিয়েছে অসংখ্য গুণী ও জনপ্রিয় নির্দেশক, নাট্যকার ও অভিনয়শিল্পী। যাদের মধ্যে অন্যতম সৈয়দ শামসুল হক, আতাউর রহমান, জিয়া হায়দার, আলী যাকের, আসাদুজ্জামান নূর, লাকী ইনাম, আবুল হায়াত, ইনামুল হক, খালেদ খান যুবরাজ, নিমা রহমান, সালেক খান, লুৎফুন নাহার লতা, হারুনুর রশিদ, বিপাশা হায়াত, শিরিন বকুল, আফসানা মিমি, পান্থ শাহরিয়ার, অপি করিম, রুনা খান, ইন্তেখাব দিনার, মোস্তাফিজ শাহীন, ফারুক আহমেদ, মাহফুজ রিজভী, রওনক হাসান, লাবণ্য, ঝুমু মজুমদার, শামীমা নাজনীন, অরণ্য, জিয়াউল হাসান কিসলু, গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন মিরু প্রমুখ।

তাদের একজন গুণী অভিনেত্রী সারা যাকেরও। এ দলের সঙ্গে তিনি আছেন সেই শুরু থেকেই। দীর্ঘ এ যাত্রায় বহু নন্দিত চরিত্র তিনি রূপদান করেছেন একুশে পদকজয়ী এই অভিনেত্রী। নির্দেশনাও দিয়েছেন বেশ কিছু নাটক। যার মধ্যে ‘মুখোশ’, ‘শঙ্খচিল’ উল্লেখযোগ্য। সর্বশেষ ২০১৭ সালে তিনি নির্দেশনা দেন ‘ওপেন কাপল’ নাটকেরঅ। ছয় বছর পর তিনি ফিরছেন নির্দেশনায়। এ যাত্রায় বেছে নিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা’ নামের নৃত্যনাট্য ও কাব্যনাটককে সংযুক্ত করে তিনি মঞ্চে আনতে চলেছেন ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’। এর প্রস্তুতি শেষ হয়েছে বেশ ঘটা করেই। হয়েছে রিহার্সাল। এবার মঞ্চায়নের অপেক্ষা। নাটকটি আজ এবং আগামীকাল বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চে আসবে।

এ নাটকটি নাগরিক নাট্য সম্প্রদায়ের ৪৭তম প্রযোজনা। মহাভারতের আদিপর্বে বর্ণিত চিত্রাঙ্গদা ও অর্জুনের প্রেমের উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন তাঁর প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। সেই সঙ্গে তিনি রচনা করেন চিত্রাঙ্গদার কাব্যনাট্য রূপ। আর রবীন্দ্রনাথ রচিত কাব্যনাট্য ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদার রসায়নে চিত্রাঙ্গদা ও অর্জুনের প্রেমের অনন্য আখ্যানের নবরূপায়ণ নিয়ে সারা যাকেরের নির্দেশনায় দর্শকের সামনে আসবে অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা।

নাটকটি নিয়ে চার মাস ধরেই ব্যস্ত সময় পার করছেন সারা যাকের। করছেন রিহার্সাল, চলছে গানের প্রস্তুতি। বিরতি কাটিয়ে ফের নির্দেশনায় এসে রবীন্দ্রনাথের এ নাটকটিই কেন বেছে নিলেনÑ জানতে চাইলে সারা যাকের বলেন, ‘চিত্রাঙ্গদা একটি নারীবাদী নাটক। নারীদের মর্যাদা, প্রেম ও সৌন্দর্যের কথা বলে। এজন্যই এ নাটকটি আমি বেছে নিয়েছি।’

নাটকটি তরুণদের জন্য উপভোগ্য হবে দাবি করে তিনি বলেন, ‘তরুণদের জন্যই এ নাটকটি। এটা আসলে প্রেমকেন্দ্রিক। প্রথম দেখায় যে প্রেম অনুভূত হয় তা নিয়েই রচিত। সেজন্য আমার মনে হয় তরুণরা এ নাটকটি খুব উপভোগ করবে।’

সারা যাকের এ নাটকটি নিয়ে আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নামের যে নাটকটি আমরা জানি বা দেখি সেটা হচ্ছে নৃত্যনাট্য। কবিগুরু কিন্তু কাব্যনাটকও রচনা করেছেন যার নাম চিত্রাঙ্গদা। আমি এ দুটিকে যুক্ত করেছি। কারণ কাব্যনাট্যের চিত্রাঙ্গদার যে অন্তর্দ্বন্দ্ব এবং মাধুর্য তা অনেক বেশি সুন্দরভাবে প্রকাশ হয়েছে। এ নাটকের সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করেছে চিত্রাঙ্গদার অন্তর্দ্বন্দ্ব। যে বিষয় নিয়ে সে বারবার ছুটে আসে মদনের কাছে এবং তার কাছে এ কথাগুলো বলে। এক জায়গায় সে বলছে অন্তরে বাহিরে মোর হয়েছে সতীন, আর তারে নারিব ভুলিতে…’

অন্তরে বাহিরে চিত্রাঙ্গদার অর্জুন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ রিজভী। তিনি বিশ্বাস করেন সংলাপ সংযোজিত হওয়ায় এ নাটক ও চরিত্রটি দর্শক আরও সহজভাবে বুঝতে পারবেন। মাহফুজ বলেন, ‘নারীর চরিত্রে দুটি বিষয় থাকে একটি অন্তর্গত এবং একটি বাইরের প্রকাশ। চিত্রাঙ্গদা নাটকে দুটি বিষয়ই খুব পরিষ্কারভাবে এসেছে সহজ ভাষায়। চিত্রাঙ্গদা একটি নৃত্যনাট্য। তবে আমরা এটিতে সংলাপ সংযোজন করেছি। এটি একটি ভিন্নমাত্রা। পাশাপাশি দর্শকের জন্য নাটকটি বুঝতে সহজ হবে, উপভোগ্য হবে।’

নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক র‍্যাচেল প্রিয়াংকা প্যারিস নিজের মধ্যে ধারণ করেছেন চিত্রাঙ্গদা চরিত্রটি। এ গল্পের প্রতি আকৃষ্ট হয়েই তিনি অন্তরে বাহিরে চিত্রাঙ্গদার অংশ হয়েছেন। তিনি বলেন, ‘সারা যাকের আন্টির সঙ্গে কাজের সুযোগটাই আমাকে এ নাটকে কাজের ক্ষেত্রে আগ্রহী করেছে। আর এ নাটকে মূল ভূমিকা অর্থাৎ চিত্রাঙ্গদা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা মুক্তো। তিনি খুবই উচ্ছ্বসিত। বলেন, ‘চিত্রাঙ্গদা মহাভারতের একটি ঐতিহাসিক চরিত্র। অর্জুনের তৃতীয় স্ত্রী। মণিপুর রাজার কন্যা। মদনের কাছ থেকে বর পেয়ে চিত্রাঙ্গদা নারীর যে রূপটি পেয়েছিলেন তার সঙ্গে অর্জুনের প্রেম হয়। এই চিত্রাঙ্গদার অন্তরের-বাইরের দ্বন্দ্ব নিয়েই নাটকটি রচিত। আমি খুবই আনন্দিত সারা যাকেরের নির্দেশনায় কবিগুরুর চিত্রাঙ্গদা হতে পেরে।’ 

অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা নাটকটির সহকারী নির্দেশক নিমা রহমান বলেন, ‘এখানে নাটক চিত্রাঙ্গদা ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদার একটি সম্মিলন ঘটেছে।’ তার মতে, দুটি নাট্যের মূল ভাব নিয়েই সারা যাকেরের এ নতুন রূপায়ণ।

অন্তরে বাহিরে চিত্রাঙ্গদার সংগীতায়োজন করেছেন রোকন ইমন। ‘যেহেতু গল্পটি বেশ পুরোনো দিনের তাই মিউজিক করার সময়ও সেই আমেজ রাখার চেষ্টা করেছেন তিনি। এ নাটকে কাজ করতে পারা অনেক বড় একটি ঘটনা’, এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন রোকন ইমন। নাটকটির চিত্রনাট্য সারা যাকের তাকে সহজ করে বুঝিয়ে দেওয়ায় সংগীতায়োজনের কাজটিও সহজ হয়েছে ইমনের জন্য। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। চিত্রাঙ্গদা চরিত্রের গানে কণ্ঠ দিয়েছেন ফারহিন খান জয়িতা।

যারা নাটকটি দেখতে চান ১০০০, ৫০০ ও ৩০০ টাকায় টিকিট কাটতে পারবেন। বেশ কয়েক দিন ধরেই ০১৭১৩৬২৪৫৭০ নম্বরে বিকাশ ও নগদে নাম, কত তারিখের শো দেখতে আগ্রহী ইত্যাদি জানিয়ে অগ্রিম টিকিট কাটা যাচ্ছে। এ ছাড়া আজ ও আগামীকাল বিকাল ৪টা থেকে হল কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা