প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১২:৪০ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩ ১৪:৫৮ পিএম
বলিউড অভিনেত্রী সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বি-টাউনে পা রাখেন তিনি। এ বছরই রণবীর সিংয়ের বিপরীতে ‘সিম্বা’ সিনেমায় অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ দেন তিনি। বক্স অফিস থেকে ২৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি। এর পর আর কোনো ব্যবসাসফল প্রজেক্টে অভিনয় করতে দেখা যায়নি।
সম্প্রতি সারা ও ভিকির ‘যারা হাটকে যারা বাঁচকে’ সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে মুক্তির প্রথম সপ্তাহ শেষ না হতেই বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে। মাত্র পাঁচ দিনে সিনেমাটি ৩০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। তাই বলিউড বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ চার বছর পরে সফলতার মুখ দেখছেন সাইফ-কন্যা।
কমেডি ড্রামা ধাঁচের এই সিনেমা সপ্তাহের শুরুতে বেশ ভালো ব্যবসা করে। এর পর সপ্তাহ গড়ানোর সঙ্গে সঙ্গে ভাটা পড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, চার সপ্তাহে সিনেমাটি ১০০ কোটি রুপির কাছাকাছি আয় করতে পারে। যা করোনার পরে সারার কোনো সিনেমার সর্বচ্চো আয়।
৪০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষণ উত্তেকর। সারা-ভিকি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায় রাকেশ বেদী, ইন্নামুলহক্ব নিরাজ সুদ ও মেঘনা আগারওয়ালকে। ‘যারা হাটকে যারা বাঁচকে’ এ মাসের ২ তারিখ ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয়।
তবে সিনেমাটির এমন সাফল্য যাত্রার মাঝপথে সামনে এলো আরেক নেতিবাচক আলোচনা। সিনেমাটির প্রচারপর্বে অনুরাগীদের নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় সারা-ভিকির। আর সেখানেই বাধে বিপত্তি।
এক অনুরাগী সারার কাছে জানতে চান অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় শিক্ষার ক্লাসে গিয়ে পেশাদারি প্রশিক্ষণ নিতে লজ্জা পান কেন? তাতে তো তাদের ভুলভ্রান্তিগুলো ধরা পড়ে। ফলে ভবিষ্যতে আরও সচেতন হওয়ার সুযোগ থাকে। অনুরাগী যে সারার অভিনয়কে কটাক্ষ করে এমন প্রশ্ন করেন তা বুঝতে বাকি ছিল না উপস্থিত সবার। যে কারণে প্রশ্ন শুনে রীতিমতো বিব্রত হন সারা। উত্তর ছিল না তার মুখে।
অবশ্য অনুরাগীর নিশানায় যে শুধু সারা ছিলেন, তা নয়! তবে বিপদ থেকে সারাকে একরকম ভিকিই উদ্ধার করেন।
ভিকি বলেন, অনেক সময় ভালো অভিনয়ও দর্শকের চোখে পড়ে না। প্রত্যেকেই নিজের নিজের মতো করে চেষ্টা করেন, হয়তো সব সময় চরিত্রের চাহিদা অনুযায়ী সেটা হয়ে ওঠে না।