প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৬:২৭ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ১৮:০২ পিএম
ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শ্যামল মাওলা। বেশ কিছু ওয়েব সিরিজের কাজ করছেন তিনি। এরই মধ্যে নিজের অভিনয় গুণে ভালো অবস্থান তৈরি করেছেন শোবিজে। ওটিটির নিয়মিত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এর মধ্যেই নতুন সুখবর দিলেন এ অভিনেতা। আবারও বড়পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন শ্যামল মাওলা। নতুন সিনেমাটির নাম ‘পাপী’। এটি পরিচালনা করবেন নির্মাতা সুলতান মজুমদার। সিনেমাটিতে শ্যামল মাওলার সঙ্গে জুটি হয়েছেন জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা।
‘সোনার চর’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান স্নিগ্ধা। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে স্নিগ্ধার সহশিল্পী চিত্রনায়ক জায়েদ খান। ছবিটিতে আরও রয়েছেন ওমর সানী-মৌসুমী। এই সিনেমার কাজ শেষ করে একই নির্মাতার মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে ‘সুবর্ণভূমি’ নামের আরেকটি সিনেমায় কাজ করেছেন। এতে তার সহশিল্পী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। দুটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সিনেমার নবীন এই নায়িকা। বর্তমানে সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই শ্যামল মাওলার সঙ্গে ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্নিগ্ধা।
তৃতীয় সিনেমা নিয়ে স্নিগ্ধা বলেন, ‘সিনেমাটিতে পাপড়ি চরিত্রে অভিনয় করছি। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে এটি নির্মিত হবে। পাপড়ি সাহসী একটি মেয়ে। তার একটা অতীত আছে, যা সবসময় যন্ত্রণা দেয়। পাপড়ির জীবনটাই সংগ্রামী। মানুষের প্ররোচনায় একটা সময় খারাপ পথে পা বাড়ায়৷ গল্প মোড় নেয় ভিন্ন দিকে। বাকিটা জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে। তবে এতটুকু বলতে পারি গল্প ও চরিত্রে চমক আছে।
আশা করছি, শ্যামল ভাইয়ের সঙ্গে আমার প্রথম এবং ক্যারিয়ারের তৃতীয় সিনেমাটি দর্শক ইতিবাচক ভাবে গ্রহণ করবে। নিজের সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করব।’
নির্মাতা জানিয়েছেন, এটি মুলত একটি থ্রিলার সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটিতে দর্শক ভিন্ন কিছু পাবে। পাশাপাশি এরই মধ্যে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন শ্যামল মাওলা। সব কিছু মিলেয়ে দর্শক চমৎকার একটি সিনেমা দেখতে পারবেন।
জানা গেছে, ‘পাপী’ সিনেমাটি আগামী ১৫ জুন থেকে লক্ষীপুরের রামগঞ্জে শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, মাফতুহা জান্নাত জিম প্রমুখ।