প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৩:১৮ পিএম
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন সব সময় থাকেন আলোচনায়। কয়েক মাস আগেই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন এই তারকা অভিনেত্রী। আচমকা ‘আরিয়া’র শুটিং সেটে হার্ট অ্যাটাক করেছিলেন। এরপর সুস্থ হয়েই শুটিংয়ে ফিরেছিলেন সুস্মিতা। এবার হাসিমুখে আরিয়াকে বিদায় জানালেন অভিনেত্রী।
গত কয়েক বছরে ওয়েব সিরিজ আরিয়ার সাফল্যে সুস্মিতার জনপ্রিয়তা আরও বেড়েছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া আরিয়ায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণে প্রথম ও দ্বিতীয় সিজনের পর এবার আসতে চলেছে সিরিজের তৃতীয় সিজন। আরিয়ার তৃতীয় সিজনের শুটিং চলাকালেই হার্ট অ্যাটাক হয় সুস্মিতার। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কিছুদিন বন্ধ ছিল সিরিজের শুটিংও। তিনি সুস্থ হয়ে সেটে ফেরার পর আবারও চালু হয় শুটিং। তবে এবার ইতি টানার পালা। এবার আরিয়াকেই বিদায় জানালেন সুস্মিতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী।
সেখানে দেখা যায় আবহে পিয়ানোর সুর। একে একে সব কলাকুশলীকে জড়িয়ে ধরছেন তিনি। হাসিমুখে বিদায় জানালেও ভিডিওতে স্পষ্ট সেটের আবেগঘন পরিবেশ। তবে কি চিরতরেই আরিয়াকে বিদায় জানাচ্ছেন সুস্মিতা? অভিনেত্রীর এ ভিডিও পোস্ট করার পরই শুরু সেই গুঞ্জন। যদিও ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করার সময় তেমন কোনো প্রসঙ্গ উল্লেখ করেননি সুস্মিতা। ইনস্টাগ্রামের পাতায় ওই ভিডিও পোস্ট করে তিনি জানান, আরিয়া ৩-এর শুটিং শেষ হয়েছে। জনপ্রিয় সিরিজের তৃতীয় সিজনের শুট শেষ করার পর সব পরিচালক, সহ-অভিনেতা এবং অন্য কলাকুশলীদেরও ধন্যবাদ জানান পর্দার আরিয়া। সহ-অভিনেতা সিকন্দর খেরকে সুস্মিতার জড়িয়ে ধরার ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়।
মাস তিনেক আগেই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। চলতি বছরে আরিয়া ৩-এর শুটিং সেটেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের হার্ট অ্যাটাকের খবরও দেন সুস্মিতা। হার্ট অ্যাটাকের পর এনজিওপ্লাস্টি হয়েছে, বসেছে স্টেন্টও। সেই খবরও নিজেই সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন সুস্মিতা। এনজিওপ্লাস্টি হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই শরীরচর্চায় ফিরেছিলেন অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শমতোই যে শারীরিক কসরত করছেন, জানিয়েছিলেন তা-ও। তারপর সুস্থ হয়ে রাজস্থানে আরিয়া ৩-এর সেটেও ফেরেন সুস্মিতা। সেখানের তরবারি হাতে কালারিপায়াত্তুর ট্রেনিংয়ের ভিডিও ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেন অভিনেত্রী।