প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১২:৩৬ পিএম
দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। দীর্ঘ বিরতির পর এ বছরের ফেব্রুয়ারি মাসে আবারও বড় পর্দায় ফেরেন তিনি। কাজ করেন ‘মায়ার জঞ্জাল’ নামে গল্পনির্ভর সিনেমায়। যেখানে তার চরিত্রটি দুই বাংলায় ব্যাপক প্রশংসিত হয়। তার বিপরীতে অভিনয় করেন কলকাতার ভার্সেটাইল অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এরপর আর তাকে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যায়নি। তবে বিরতি ভেঙে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি। কাজ করতে যাচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্মে।
অপি এবার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। যার নাম এখনও ঠিক হয়নি। চলছে গল্প সংশোধনের কাজ। নতুন এই কাজ নিয়ে অপির সঙ্গে কথা হয় প্রতিদিনের বাংলদেশের। শুরুতেই তিনি কাজের গোপনীয়তা বজায় রেখে বলেন, ‘একটি ওয়েব সিরিজে কাজের বিষয়ে কথা চলছে। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। সবকিছু ঠিক হয়ে গেলে এ মাসের যেকোনো দিন শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে গল্পের ওপর। গল্প যদি মনে না ধরে তা হলে অন্য সিদ্ধান্তও নিতে পারি।’
এতদিন বাদে আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, নিয়মিত হওয়ার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে অপি বলেন, ‘আমি একজন অভিনেত্রী। অভিনয় আমার কাছে সবার আগে। কারণ এই কাজটি আমি সব সময় করতে চাই। ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কাজ ছেড়ে দিতে হয়। তবে গল্প যদি আমার ভালো লাগে, সেই কাজটি আমি করার আপ্রাণ চেষ্টা করি তাতে যত ব্যস্ততাই থাকুক। আর এতদিন বাদে যেহেতু কাজে ফিরছি, সেহেতু অবশ্যই সবকিছু বুঝেশুনে করব। সবকিছু ঠিকঠাক হোক, এরপরই ওয়েব সিরিজের ব্যাপারে বিস্তারিত জানাব। এটিতে বেশ চমক থাকবে। এখন পর্যন্ত কাজটির পরিকল্পনা আমার ভালো লেগেছে।’
বর্তমানে শিক্ষকতা পেশা নিয়ে ব্যস্ত আছেন অপি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন তিনি। বিষয়টি কেমন উপভোগ করছেন জানতে চাইলে তিনি আরও বলেন, ‘শিক্ষকতা পেশা আমি সব সময়ই উপভোগ করি। এখানে প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সঙ্গে আমি পরিচিত হই। বর্তমান প্রজন্ম অনেক বেশি মেধাবী। তাদের সঙ্গে কথা বললে, অনেক বিষয়ে ধারণা নেওয়া যায়। আমি নিজেও তাদের শিক্ষা দিতে গিয়ে প্রতিনিয়ত শিক্ষা নিচ্ছি। কারণ পৃথিবী অনেক এগিয়ে গেছে। তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সে বিষয়টি আমি আমার শিক্ষার্থীদের সবার আগে শিক্ষা দেই। পেশাটি আমি উপভোগ করছি।’
দেশের বিনোদনজগতে অপি করিম পা রাখেন ১৯৯৯ সালে, লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জনের মাধ্যমে। অল্প সময়ে দেশের বিনোদন ইন্ডাস্ট্রির প্রভাবশালী অভিনেত্রীদের কাতারে নাম লেখানো অপি কাজ করেছেন নাটক, টেলিছবিতে। এ ছাড়া উপস্থাপনা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ, আবার পড়াশোনা- সব ক্ষেত্রেই তার সমান অংশগ্রহণ রয়েছে। অপি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ছায়াফেরী, থতমত এই শহরে, বাংলাদেশ, কেমন আছো?, ভূতের ভয়, হঠাৎ প্রিয়তমা, সকাল-সন্ধ্যা, শুকতারা, আপনজন, সবুজ গ্রাম, তিথির সুখ, অক্ষয় কোম্পানির জুতা, ছায়া চোখ, জলছাপ, সাদাআলো সাদাকালো, যে জীবন ফড়িংয়ের, উত্তম-সুচিত্রা, মান-অভিমান, এ শহর মাধবিলতার না এবং অবাক ভালোবাসা।
অপির প্রথম সিনেমার নাম মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’। এই সিনেমার পর দীর্ঘ ১৮ বছর পর ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত।
ব্যক্তিজীবনে অপি করিম ২০১৬ সালে প্রযোজক, নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন। তাদের সংসারে এক কন্যা রয়েছে।