বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৯ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৪ পিএম
বাংলাদেশ লাং ফাউন্ডেশনের (বিএলএফ) জন্য একটি থিম সং নিয়ে আসছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও ন্যান্সি। ২৫ সেপ্টম্বর এটি প্রকাশ হবে। এ গানটির মধ্য দিয়ে প্রায় ১০ বছর পর তারা আবারও একসঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন।
গানটির সুর ও সংগীত করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই। এটি লিখেছেন ডা. কাজী বেন্নূর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. শাকুর।
এর কথাগুলো এমন--নির্মল নিঃশ্বাসে, অনাবিল আশ্বাসে, প্রাণময় সুস্থ জীবন/ এই ব্রত বুকে নিয়ে, অবিরত পথ চলে বাংলাদেশ লাং ফাউন্ডেশন।
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গানটির কাজ কেমন হয়েছে তা হয়তো শ্রোতারা বলবেন। তবে লাং ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অতুলনীয়। তাদের উদ্যোগে নিজেকে শামিল করতে পেরে ভালো লাগছে।
মাঝে অনেকদিন অসুস্থ ছিলাম। তাই গান থেকে কিছুটা দূরে থাকতে হয়েছে। এখন আগের তুলনায় ভালো আছি। নতুন কিছু কাজেরও পরিকল্পনা করছি। এ গানের মধ্য দিয়ে শ্রোতারাও আমার ও ন্যান্সির নতুন গান পাবেন। গানের মধ্যে মানবসেবার দারুণ কিছু কথা তুলে ধরা হয়েছে।’
এ গান দিয়ে নতুন কন্যাসন্তানের মা হওয়ার পর বিরতি ভাঙলেন ন্যান্সি। সংসার-সন্তান সামলে আবারও গানে নিয়মিত হবেন তিনি, এমনটাই প্রত্যাশা তার ভক্ত-অনুরাগীদের।
প্রবা/এলএ/এসআর