প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৩:১৫ পিএম
সিনেমা প্রযোজনায় ফিরে এসে আবারও আলোচনায় চলে এসেছেন প্রযোজক, অভিনেতা আরশাদ আদনান। তারই প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত রোমান্টিক ঘরানার গল্পের সিনেমা ‘প্রিয়তমা’। এরই মধ্যে সিনেমাটির গান ও অ্যাকশনের দৃশ্য ধারণের কাজ বাদে বাকি সব কাজ প্রায় শেষ, এমনটাই জানালেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ।
এদিকে প্রযোজক, অভিনেতা আরশাদ আদনানের জন্মদিন ছিল গতকাল ৩ জুন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই তার মোবাইল ফোনসহ নানান মাধ্যমে তিনি জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হন। তবে এবারের জন্মদিনে তার জন্য সবচেয়ে ভালো লাগার ও আনন্দের বিষয় ছিল তার দুই ছেলে শ্রেষ্ঠ ও প্রিয়কে সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন শুরু করা। আরশাদ আদনান বলেন, ‘সত্যি এবারের জন্মদিনের প্রথম প্রহরটা আমার জীবনে মনে রাখার মতো। আমি রাত ১২টা বাজার আগেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙতে দেখি আমার জন্মদিন ঘিরে বিরাট আয়োজন।
আমাকে সারপ্রাইজ দিতে আমার কাছে আমার দুই ছেলে শ্রেষ্ঠ ও প্রিয়ও চলে এসেছিল। তাদের এমন মুহূর্তে কাছে পেয়ে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। আরও যারা খুব কাছের ছিলেন তাদের পাশে পেয়েও ভীষণ ভালো লাগল। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর আমার দুই ছেলে শ্রেষ্ঠ ও প্রিয়র জন্য সবাই দোয়া করবেন।’
আগামী ঈদেই আরশাদ আদনান প্রযোজিত সিনেমা প্রিয়তমা মুক্তি পেতে যাচ্ছে। এরপর নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেবেন বলে জানান তিনি। এর আগে আরশাদ আদনান ‘ইউটার্ন, ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমা প্রযোজনা করেছিলেন। ইউটার্ন সিনেমাতে তিনি অভিনয়ও করেছিলেন।