প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৪:০১ পিএম
‘শেষ বাজি’ সিনেমার শুটিং সেটে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। চরিত্রকে ধারণ করতে একেবারে সাদামাটা লুকে ক্যামেরার সামনে মনোযোগী তারকা। নেটপাড়ায় শিরিন শিলা এখন আলোচনা-সমালোচনার তুঙ্গে। চিত্রনায়িকাকে জড়িয়ে ধরে এক তরুণের চুমু দেওয়ার ঘটনায় চর্চার কেন্দ্রে চলে আসেন তিনি। সব ফেলে কাজকেই এখন প্রাধান্য দিচ্ছেন নায়িকা।
শিলা বলেন, ‘আসলে অভিনেত্রীদের নিয়ে তো নানা ধরনের গসিপিং হবে, এগুলো আমি কেয়ার করি না। সব কি আর মনে রেখে বসে থাকলে চলবে? যখন নতুন ছিলাম, অনেক কিছুই বুঝতাম না। না বুঝেই অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলতাম। এখন তো আমি পরিণত হয়েছি। কাজ করতে করতে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। এখন বুঝি কোন চরিত্রটা করা ঠিক হবে, কোনটা ঠিক হবে না।’
মেহেদি হাসানের চিত্রনাট্য ও পরিচালনায় শেষ বাজি সিনেমায় শিরিন শিলার বিপরীতে কাজ করছেন চিত্রনায়ক সাইমুন সাদিক। মেহেদির পরিচালনায় এর আগে ‘নদীর জলে শাপলা ভাসে’ নামের আরও একটি সিনেমায় কাজ করেছেন শিলা। তিনি জানান, প্রথম সিনেমা ‘হিটম্যান’ই এখন পর্যন্ত তার করা সেরা সিনেমা। এরপর কয়েকটি অফ ট্রাকের সিনেমায় কাজ করেছেন। কিন্তু বাণিজ্যিক সিনেমায়ও পুরোদমে কাজ করতে চান তিনি। ভালো লাগে মেহেদী হাসানের কাজের ধরন। তিনি বলেন, ‘তার কাজের ইউনিটটা খুব গোছানো। প্রোডাকশন, থাকা-খাওয়া, ড্রেসআপ সবকিছু খুব পরিপাটি থাকে। আর স্ক্রিপ্ট খুব ভালো। তার গল্পের প্রেমে পড়ে যাই।’
চিত্রনায়ক সাইমুন সাদিকের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বেশ ভালো জানান নায়িকা।
সামাজিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিনেমায় রয়েছেন আরও অনেক গুণী অভিনেতা। গল্পের টানেই এটি দর্শক সমাদৃত হবে বলে আশা করছেন পরিচালক মেহেদি হাসান। জানান, এখানে রয়েছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, শিশুশিল্পী মাইসা, সাবেরী আলমসহ খ্যাতিমান শিল্পীরা।
সিনেমার প্রযোজক সৈয়দ মো. সোহেল জানান, শেষ বাজি সিনেমা বেশ সময় নিয়ে তৈরি হচ্ছে। এতে থাকবে সমাজ সচেতনতার বার্তা। সিনেমাটির ৩০ ভাগ শুটিং এর মধ্যেই শেষ হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে শুটিং হচ্ছে।