বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৭ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১১:২৭ এএম
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তানিন খান। ছবিটিতে কাজ করে পারিশ্রমিক পাননি বলে অভিযোগ তুলেছিলেন তিনি। ২০ সেপ্টেম্বর রাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি অভিযোগ তোলেন ছবির পরিচালক দীপঙ্কর দীপনের বিরুদ্ধে। বিষয়টি বেশ সমালোচনার জন্ম দেয় পরিচালক দীপন ও তার ছবিকে কেন্দ্র করে।
তবে ছবি মুক্তির আগের দিন সব অভিযোগ ভুলে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার সাফল্য কামনা করলেন তানিন খান। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তিনি ফেসবুকে দীপনকে নিয়ে লিখেছেন, ‘দাদা আমার শিক্ষক তুল্য মানুষ, তাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আমাদের কিছু ভুলবোঝাবুঝি হয়েছিল, দাদাও দূরে ছিলেন। দিন শেষে অপারেশন সুন্দরবন আমার পরিবার। একটা ফ্যামিলিতে থাকতে গেলে অনেক কিছু হয়, কিন্তু সব শেষে পরিবার সবার আগে। ‘অপারেশন সুন্দরবন’-এর এই টানটা অনেক শক্ত।
পরিচালক অভিভাবকের মতো, আর দাদা তো সিনেমা নিয়েই বাঁচেন। এই পরিবার তার কাছে সব, ভুল হলে রাগ করেন কিন্তু তিনি তার টিমকে ভালোবাসেন অনেক। আমি তার স্নেহ থেকে বঞ্চিত হতে চাইনি কখনও।
তবে এখন থেকে কোনো সহকারী পরিচালকরা যেন এমন অবহেলিত না হয়, এই বিষয়টা উনি ভালোভাবে খেয়াল রাখতে চেয়েছেন সবসময়। সেটাই যেন হয় সবসময় আশা করি। কারও পরিশ্রম যেন আর বৃথা না যায় সেদিকটা যেন সকল পরিচালক প্রডিউসাররা খেয়াল রাখেন।
না হলে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শূন্য ময়দানে পরিণত হবে। আর ফাঁকা মাঠে গোল দিয়ে নিজেকে বিশাল কিছু ভেবে কিচ্ছু হবে না। দিন শেষে নিজের খেলা নিজেকেই দেখতে হবে।
সুন্দরবনের মতো কঠিন বিপজ্জনক জায়গায় রাইসুল স্যার আমাদের আগলে রেখেছিলেন পরিবারের মতো, আমাদের নিরাপত্তা ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকেও আমি খুব শ্রদ্ধা করি। আমরা সবাই তার কাছে চিরকৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, যেন সবসময় ভালো থাকতে পারি নিজের কাজ নিয়ে।
‘অপারেশন সুন্দরবন’ আমাদের অনেক পরিশ্রমের সিনেমা। আমি ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার সাফল্য চাই। সবাই সিনেমা হলে এসে অপারেশন সুন্দরবন দেখুন, এটা সত্যিকারভাবেই শুধুই সিনেমা হলে দেখার ছবি। অপারেশন সুন্দরবন আসছে ২৩ তারিখ থেকে আপনার কাছের সিনেমা হলে।’
শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে ৩৫টি হলে। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকিন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।
প্রবা/এলএ/জেআই