প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৭:৩২ পিএম
বলিউড অভিনেতা আশিষ বিদ্যার্থী। গত ২৫ মে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। ৬০ বছর বয়সী এই অভিনেতার এমন সিদ্ধান্ত অনেকেই যেমন ইতিবাচক ভাবে নিয়েছে। তেমনই অনেকেই আবার করেছেন নেতিবাচক মন্তব্য। এমন অবস্থায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার পাশে দাঁড়ালেন অভিনেত্রী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। তবে কোনো সংসারই আর টেকেনি তার। বিবাহিত জীবন নিয়ে অসংখ্যবার ট্রলের মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি আশিসের বিয়ে প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন শ্রাবন্তী। তাকে প্রশ্ন করা হয়, যদি কেউ একের অধিক বিয়ে করে নতুন জীবন শুরু করতে চান, সেটা কি অন্যায়? এ প্রশ্নের জবাবে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘আমি নিজের শর্তে বাঁচি। আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তারাই চর্চা করেন, যাদের জীবনে ফাঁকা সময় অনেক।’
তিনি আরো বলেন, ‘তার খারাপ সময়ে তো পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য করেনি। তা হলে সে যদি ভালো থাকার চেষ্টা করেন, তা হলে অন্যজনের এত সমস্যা কীসের? উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় না। খুব ভালো যে, ৫৭ (মূলত ৬০ বছর) বছর বয়সে নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের তো প্রশংসা করা উচিত।’
এর আগে বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশিষ। এ সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।