বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৩ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৩ পিএম
জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পরাণ’ ও ‘হাওয়া’ ঢাকাই সিনেমায় সুবাতাস নিয়ে এসেছে। এরপর মুক্তি পাওয়া আর কোনো সিনেমা তেমন সফলতা পায়নি। তবে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মুক্তির অপেক্ষায় থাকা ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে বেশ আশাবাদী সিনেমা সংশ্লিষ্টরা।
অপারেশন সুন্দরবন
অন্যদিকে, বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পাবে দেশের প্রায় ৩৫টি হলে।
২০১৯ সালে ২০ ডিসেম্বর সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকায় শুটিং শুরু হয়েছিল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। করোনার কারণে কয়েক ধাপ পিছিয়ে গেল বছরের ১০ নভেম্বর মোংলার বানিয়াশান্তা এলাকায় এর শুটিং শেষ হয়।
দীপংকর দীপনের পরিচালনায় সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’; বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি।
সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকিন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।
ছবিতে র্যাবের কর্মকর্তা চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমরা ছবিটির জন্য যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন দেখার বিষয় পরিচালক তার মুন্সিয়ানা কীভাবে পর্দায় তুলে ধরেছেন, আর দর্শক সেটা কতটা গ্রহণ করল।’
এই ছবির মাধ্যমে আড়াই বছর পর নতুন ছবি নিয়ে সিনেমা হলে আসছেন নুসরাত ফারিয়া। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে তাই বিশেষ পোশাকে হাজির হলেন এই নায়িকা। গায়ে জড়ানো সাদা রঙের গাউন। যে গাউনে সুন্দরবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। মনে হবে নিজের শরীরে পুরো সুন্দরবন জড়িয়ে এসেছেন তিনি। যাতে দেখা মিলেছে বাঘ, হরিণ ও সুন্দরী গাছের। ছবিটিতে প্রথমবারের মতো চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে জুটি হয়েছেন। এখানে ফারিয়াকে দেখা যাবে একজন ‘বাঘ গবেষক’ হিসেবে। ফারিয়া বলেন, সুন্দরবনে জলদস্যু ও প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে নির্মিতব্য ‘অপারেশন সুন্দরবন’। এতে আমাকে একজন বাঘ গবেষক হিসেবে দেখতে পাবেন সবাই। এই চলচ্চিত্র না দেখলে অনেক কিছু মিস করবেন। সবাই প্রেক্ষাগৃহে আসুন।’
ছবিটিতে মেজর সায়েম সাদাত চরিত্রে অভিনয় করা সিয়াম বলেন, ‘অনেক খেটেছি আমরা ছবিটির জন্য। সবাই চেষ্টা করেছি একটা উপভোগ্য সিনেমা উপহার দিতে। আশা করছি ছবিটি সবার মন ভরাবে।’
‘আমরা বিসিএস পরীক্ষার জন্য বা আমাদের বোর্ড পরীক্ষার জন্য যে পড়াশোনা করি বা চেষ্টা করি, সেটাও এতটা নয়। যতটা পরিশ্রম ‘অপারেশন সুন্দরবন’ ছবির জন্য আমাদের পরিচালক দীপংকর দীপন করেছেন’, ২৩ সেপ্টেম্বর মুক্তি প্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’ ছবি নির্মাণে পরিচালকের এই চেষ্টা ও পরিশ্রমের কথা বলে ছবিটির সকল কলাকুশলীর পরিশ্রমের একটা ধারণা এভাবেই জানিয়ে দিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। ছবিতে তিনি লেফটেন্যান্ট কমান্ডার রিশান চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
বিউটি সার্কাস
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সার্কাস, জাদুর পাশাপাশি সম্পর্ক, সমাজ ও প্রতিশোধের গল্পে নির্মিত ‘বিউটি সার্কাস’। এই সিনেমার প্রধান আকর্ষণ খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান।
সিনেমাটি দেশের ১৯টি হলে মুক্তি পাচ্ছে বলে পরিবেশক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এ তথ্য জানিয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসানের ভাষ্য, ‘দেড় বছর পর আমার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। আমি কোনো স্টান্ট ম্যান ব্যবহার করিনি শুটিংয়ে। অনেক ঝুঁকি নিয়েছি, আবার মজাও ছিল। কারণ এ রকম কিছু আর পাব কি না কে জানে। আমিসহ সবাই কষ্ট করেছে।’
‘এ ধরনের চরিত্রে কখনও অভিনয় করিনি এবং জীবনেও করব না। আমি সমসময় একটা পজিটিভ ইমেজ নিয়ে পর্দায় এসেছি। শুটিং স্পটে গিয়েও ভেতর থেকে মন বলছিল কাজটা করা উচিত হচ্ছে না। আবার সিনেমাটির গল্প আর আমার চরিত্রটি বলছে কাজটা করা উচিত। যদিও শেষ পর্যন্ত কাজটি আমি আনন্দ নিয়েই করেছি ‘বিউটি সার্কাস’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫), ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা মাহমুদ দিদার। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু, মানিসা অর্চি প্রমুখ।
ছবিটি আলোচনায় রয়েছে প্রয়াত অভিনেতা-নির্মাতা হুমায়ুন সাধুর জন্য। সাধু অভিনীত শেষ সিনেমা এটি।
সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্পে নির্মিত হয়েছে ‘বিউটি সার্কাস’। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে এতে।
প্রবা/টিএম/এলএ/এমজে/