প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৩:৪৭ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১৫:৩৫ পিএম
ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়ক জায়েদ খান। ভক্ত-অনুরাগীরা তাকে নিয়ে প্রায়ই নানা রকম ট্রল করে থাকেন। সেসব নিয়ে অবশ্য বিরক্ত হন না তিনি। বরং উপভোগই করেন। যেমন তিনি বলেছিলেন এক সাক্ষাৎকারে শান্তিনগরে তার এক নারী ভক্ত আছেন। সেই ভক্ত ভালোবেসে তার ছবি বালিশের নিচে রাখেন। এরপর তার সেই বক্তব্যও ভাইরাল হয়।
এবার সেই নারী ভক্তের মতো অভিনেত্রী শবনম ফারিয়াও প্রিয় মানুষের ছবি বালিশের নিচে রাখার আবদার করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে তিনি এমন আবদার করেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জায়েদ খান হও। তাহলে আমি শান্তিনগরের সেই মেয়ে হব, যে তোমার ছবি বালিশের নিচে রাখবে।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, ‘তার জন্য বিভিন্ন সময় অনেক মেয়েই পাগলামি করে থাকেন। অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান। কেউ আবার টাকার বিনিময়ে তার সময় কিনে নিতে চান!’
তিনি আরও জানান, ‘রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমান।’ জায়েদের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়। এবার সেই আলোচনাতেই গা ভাসালেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, ভক্তরাও শবনম ফারিয়ার এ ক্যাপশন বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। তাদের মধ্যে অনেকেই মজা করে এই অভিনেত্রীর জীবনে জায়েদ খান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।