× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিহাব শাহীনের চার সিরিজ, সিনেমা আগামী বছর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১১:৩৩ এএম

শিহাব শাহীনের চার সিরিজ, সিনেমা আগামী বছর

নির্মাতা শিহাব শাহীন। রোজার ঈদে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ দিয়ে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে আবারও নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন তিনি। সামনে কোরবানির ঈদ। সেই ঈদের আগে বেশ ব্যস্ত তিনি। হাতে আছে চারটি ওয়েব সিরিজ। পরিকল্পনা করছেন সিনেমা নিয়েও।

নির্মাতা শিহাব শাহীন জানান, আগামী কোরবানির ঈদে কোনো কাজ আসছে না তার। নাটক কিংবা ওয়েব সিরিজ এবার আর কোনোটাই আসবে না। তবে সামনের বছরের মার্চ পর্যন্ত তার হাতে বেশকিছু প্রজেক্ট রয়েছে। সেগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শাহীন বলেন, “যেকোনো ঈদকে সামনে রেখে আমাদের নির্মাতাদের ব্যস্ত সময় পার করতে হয়। তবে এবার কোরবানির ঈদে আমি কোনো কাজ করছি না। কারণ অনেকগুলো কাজ হাতে। সেগুলো নিয়ে আমি এবং আমার টিমের সবাই রাত-দিন কাজ করছি। আগামী বছরের মার্চ পর্যন্ত সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। পরিকল্পনার প্রথমেই রয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব সিরিজ। এটি চরকির জন্য নির্মাণ করা হচ্ছে। কোরবানির পরেই এই প্রজেক্টের শুটিং শুরু করব।”

ওয়েব সিরিজটিতে কাদের দেখা যাবে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এখানে একটি চমক আছে। এই কাজটি আমি এমন কিছু আর্টিস্ট নিয়ে করতে চাই যাদের সঙ্গে এর আগে কখনও কাজ করিনি। এক্সপেরিমেন্ট করতে চাই। বলা যেতে পারে এবার একটু ভিন্ন চ্যালেঞ্জ নিতে চাই। গল্প তৈরির কাজ শেষ। এখন আর্টিস্ট নির্বাচন চলছে। আশা করি এ মাসের মধ্যেই সব ধরনের কাজ সম্পন্ন হবে। তার পরই আমরা শুটিংয়ের প্রস্তুতি নেব।’   

‘কাছের মানুষ দূরে থুইয়া’ ছাড়াও শাহীনের হাতে আরও তিনটি ওয়েব সিরিজ রয়েছে। সেগুলো সম্পর্কে নির্মাতা আরও বলেন, “এই কাজটি শেষ করে আমি নতুন আরেকটি ওয়েব সিরিজ নির্মাণ করব। নাম ‘অসুর’। যেটি ডিজিটাল প্ল্যাটফর্ম বিঞ্জের থেকে নির্মাণ করা হবে। এর গল্পের কাজ আমাদের টিম করছে। ক্রাইম থ্রিলার ধাঁচের এই ওয়েব সিরিজে কারা অভিনয় করবেন সেটি কিছুদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। দুটি সিরিজই এ বছর মুক্তি দেওয়া হবে। এ ছাড়া এই দুটি ওয়েব সিরিজের কাজ শেষ হলে আমি সিক্যুয়েলে হাত দেব।”

“আগামী বছর দর্শক ‘সিন্ডিকেট ২’ ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ দেখতে পাবেন। এই দুটি সিরিজের প্রধান চরিত্রগুলোতে কোনো পরিবর্তন থাকবে না। এ ছাড়া হইচইয়ের সঙ্গে একটি ওয়েব সিরিজ নির্মাণের কথা পাকা হয়েছে। নাম আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সবাইকে জানানো হবে। এই সিরিজটিতে দুই বাংলার শিল্পীরা থাকতে পারেন” যোগ করেন শিহাব শাহীন।

ওয়েব সিরিজ নির্মাণে ব্যস্ত এই নির্মাতাকে সিনেমায় কবে দেখা যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমা নির্মাণের পরিকল্পনাও করেছি। এ বছর সময় বের করতে পারিনি। ওয়েব সিরিজগুলো নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। এই কাজগুলো শেষ করে আগামী বছরের শেষদিকে সিনেমায় হাত দেব। এর মাঝে সিনেমার সব প্রস্তুতি নিয়েছি। এখানেও দর্শকদের জন্য বেশকিছু চমক থাকবে। এখন সবকিছু ভালোভাবে হলেই হয়।’ 

২০২২ সালের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’-এর সিক্যুয়েল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ গেল রোজার ঈদে দেশীয় একটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় এসেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু ও আনিসুল হক বরুণদের। সিরিজটির বৈয়াম পাখি গানটি দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা