প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৭:৩০ পিএম
কোক স্টুডিও বাংলা বর্তমানে খুবই আলোচনায় রয়েছে। ‘দেওরা’ গান দিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ভিউ হওয়া গানের দেখা পেয়েছে প্রতিষ্ঠানটি। এবার রিপন কুমার সরকার আসছেন নতুন গান নিয়ে। তিনি অবশ্য ভক্ত-অনুরাগীদের কাছে বগা তালেব নামেই বেশি পরিচিত। তিনি গাইবেন এবার ‘নদীর কূল’। সংগীত ও সংস্কৃতির ফিউশনের জন্য পরিচিত প্ল্যাটফর্মটির এই নতুন গানে পল্লীকবি জসীম উদ্দীন ও কিংবদন্তী শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
‘নদীর কূল নাই কিনার নাই রে’ গানটির মূল শিল্পী আব্বাসউদ্দীন। জসীম উদ্দীন এটি লিখেছেন। এ গানটির আধুনিক সংস্করণ দেখা যাবে কোক স্টুডিও বাংলায়।
ভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে গানটি প্রকাশ করা হবে আজ রাত ৮টা ৪৫ মিনিটে। কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব এর সংগীতায়োজন করেছেন।
শায়ান চৌধুরী অর্ণব বলেন, “এই প্লাটফর্মের শুরু থেকেই আমরা বাংলা গানকে বৈশ্বিক প্লাটফর্মে, বিশেষত তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে চেয়েছি। সংগীতপ্রেমী এই জাতির আবেগকে ফুটিয়ে তুলতে আমরা নতুন ও অনন্য কিছু উপাদান এতে যোগ করেছি। শুধু গায়ক নয়, বরং শিল্পীদের একত্রে কাজ করার সুযোগ তৈরি করছে এই আয়োজন। বিভিন্ন ধারার বাদ্যযন্ত্রী, শিল্পী ও গায়করা একত্রে কাজ করলে কী অসাধারণ কিছুর সৃষ্টি হতে পারে, ‘নদীর কূল’ তার একটি চমৎকার উদাহরণ। এর ফলে প্রত্যেক শিল্পীই মতবিনিময় করা, নতুন কিছু শেখা এবং শিল্পী হিসেবে বেড়ে ওঠার সুযোগ পান।’
মূলত এটি একটি ভাটিয়ালী গান। তবে গানটির যেসব অংশে সুরের খেলা রয়েছে সেখানে কীর্তনের প্রভাবও রয়েছে। এর মাধ্যমে নদীর একটি ভিন্ন চিত্র ফুটে উঠেছে। গানটির শিল্পী বগা তালেবের নিজের কীর্তনের দল রয়েছে। এই ধরনের গানে তার অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে বলে গানটি নিয়ে বেশ আশাবাদী অর্ণব। বিশেষত বাঁশি ও খোলের ব্যবহারের ফলে কীর্তন ধারাটি ফুটে উঠেছে ও ‘নদীর কূল’ গানটি হয়ে উঠেছে প্রাণবন্ত।
শিল্পী বলেন, ‘আব্বাসউদ্দীনের মতো বিখ্যাত শিল্পী এবং জসীম উদ্দীনের মতো মহান কবির গান গাইতে পারা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার। ভাটিয়ালী ও কীর্তনের মতো উপাদান এখানে আছে, যা একসাথে মিলে দর্শক-শ্রোতাদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতার সৃষ্টি করে।’
বগা ও অর্ণবের পাশাপাশি গানটিতে আরো আছেন জ্যাজ শিল্পী ইদ্রিস। সুথসেয়ার নামে লন্ডনে তার নিজস্ব ব্যান্ড আছে। দেশের বাইরে সংগীত নিয়ে কাজ করলেও তার বাংলাদেশি পরিচয় তাকে নিজের শিকড় খুঁজে বের করতে উদ্বুদ্ধ করেছে।
কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে ‘নদীর কূল’ উপভোগ করা যাবে গানটি।