প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৭:১৬ পিএম
আপডেট : ২৫ মে ২০২৩ ১৭:২৮ পিএম
দেশের বিনোদন ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি ওমর সানী-মৌসুমী। দীর্ঘসময় ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত এই দম্পতি এবার কলকাতায় পেলেন ‘নায়করাজ রাজ্জাক সম্মাননা’। পশ্চিমবঙ্গের বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের উদ্যোগে নায়করাজ রাজ্জাক নামাঙ্কিত যৌথভাবে আজীবন সম্মাননা পেলেন তারা।
সম্মাননা পুরস্কার নিতে দুজনের কেউই কলকাতায় যেতে পারেননি। তাদের হয়ে পুরস্কারটি গ্রহণ করেন কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের ভিসাপ্রধান আলমাস হোসেন এবং মৌসুমীর হয়ে নেন সুরকার বিক্রম ঘোষের স্ত্রী অভিনেত্রী জয়া শীল ঘোষ।
বুধবার (২৪ মে) এ অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার আইসিসিআর অডিটোরিয়ামে। আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সংস্কৃতি জগতের বিশিষ্টদের সম্মানিত করা হয়ে থাকে।
অনুষ্ঠানের শুভারম্ভ করেন বাংলাদেশের প্রতিরক্ষা কমিটির স্থায়ী সদস্য তথা পটুয়াখালী-৪-এর সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান, কলকাতার মেয়র ইন কাউন্সিল দেবাশীষ কুমার, আলমাস হোসেন, বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন, বিএফটিসিসির সভাপতি আরএস খেমকাসহ বিশিষ্টরা।