× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনির আয়োজনে ‘পূর্ণতা ২’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১২:৫৬ পিএম

অনির আয়োজনে ‘পূর্ণতা ২’

দেশের জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ‘ওয়ারফেজ’। এ বছর স্বাধীনতার মাসে তাদের নতুন গান ‘মা’ মুক্তি পায়। এবার তাদের জনপ্রিয় ‘পূর্ণতা’ গানের সিক্যুয়েল আসছে। তবে সেটি ওয়ারফেজের ব্যানারে নয়। গানটি সাবেক ব্যান্ড সদস্য অনি হাসানের কম্পোজিশনে গাইবে সাবেক ওয়ারফেজ সদস্য মিজান রহমান। 

‘পূর্ণতা’ গানটি ওয়ারফেজ ব্যান্ডের জনপ্রিয় একটি গান। এই গানের সিক্যুয়েল আসছে শুনে ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেছে। তবে প্রশ্ন উঠেছে, সিক্যুয়েলের গানটি ওয়ারফেজ কেন নির্মাণ করছে না?

এ বিষয়ে দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও ড্রামারার শেখ মনিরুল আলম (টিপু) প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পূর্ণতা গানটি আমাদের একটি ঐতিহাসিক গান। ওয়ারফেজ ভক্তদের মুখে মুখে এই গান। তার সিক্যুয়েল অনি নিয়েই আসতে পারে। কারণ সে আমাদের সাবেক ব্যান্ড সদস্য। তার অধিকার আছে গানটি করার। তবে আমাদের জানিয়ে নিলে বিষয়টি সুন্দর হতো। আমরাও খুশি হতাম। যেহেতু সে করার ঘোষণা দিয়েছে; তাই সে করুক। আমাদের অবশ্যই শুভকামনা থাকবে। তবে ওয়ারফেজ ভক্তদের অবগতির জন্য জানাতে চাই ‘পূর্ণতা ২’ গানের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা আমাদের গান না।’

নিজের নতুন গান নিয়ে বর্তমান ভাইব ব্যান্ডের সদস্য অনি হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গানের সিক্যুয়েলটি নির্মাণ করার ঘোষণা দেওয়ার পর থেকেই শ্রোতাদের থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। তবে সবাইকে মজার একটি তথ্য জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে এই সিক্যুয়েলটি পূর্ণতার একই সময়ে লেখা হয়েছিল। যখন আমি ওয়ারফেজে ছিলাম তখন থেকেই গানটির মালিকানা নিয়ে রাখি। এবার গানটি করার সময় হয়েছে। তবে সবচেয়ে ভালো হতো যদি ওয়ারফেজের হয়ে পূর্ণতা-২ মুক্তি দিতে পারতাম। সেটি যেহেতু এখন আর সম্ভব নয়, তাই আমি আর বখতিয়ার মিলে করছি। আমার কম্পোজিশনে গানটির কথা লিখেছেন বখতিয়ার এবং কণ্ঠ দিয়েছেন মিজান। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ 

পূর্ণতা গানটি ২০১২ সালে ওয়ারফেজের ‘সত্য’ অ্যালবামের গান, যা লিখেছিলেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কি-বোর্ডিস্ট সামস মনসুর। 

প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রি মাতিয়ে যাচ্ছে ওয়ারফেজ। এ সময়ে দর্শকদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে দলটি। এ তালিকায় রয়েছে স্বাধিকার, অবাক ভালোবাসা, জননী, যত দূরে, বেওয়ারিশ, মহারাজ, তোমাকে, পূর্ণতা, সত্য ও রূপকথা গানগুলোর কথা।

এ ছাড়া দলটি এখন পর্যন্ত আটটি অ্যালবাম বের করেছে। যার মধ্যে সবশেষ অ্যালবাম এসেছে ২০১২ সালে। নাম ছিল ‘সত্য’। বর্তমানে ওয়ারফেজের সদস্য সংখ্যা সাতজন। তারা হলেন পলাশ ( ভোকাল), কমল (লিড গিটার), টিপু (ড্রামস), রজার ( বেস), শামস (কি-বোর্ড), সামির (লিড গিটার) ও সৌমেন (রিফ গিটার)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা