× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগা তালেবকে নিয়ে ফিরছেন অর্ণব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৩:৩২ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১৩:৩৩ পিএম

বগা তালেবকে নিয়ে ফিরছেন অর্ণব

কোক স্টুডিও বাংলায় গেল বছর গান গেয়ে সবার নজরে আসেন বগা তালেব। রাজশাহীর লোকগানের দল স্বরব্যাঞ্জোর ভোকাল এই বগা তালেব আবারও আসছেন নতুন গান নিয়ে। আগামী সপ্তাহেই গানটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

কোক স্টুডিও বাংলার সূত্রে জানা গেল, বগা তালেবকে নিয়ে কোক স্টুডিও বাংলার নতুন সিজনে ফিরছেন শায়ান চৌধুরী অর্ণব। এবারের মৌসুমে এটাই হতে যাচ্ছে তার সংগীতায়োজনের প্রথম গান। বগা তালেব গাইবেন একটি ফোক গান। বেশ জনপ্রিয় এই গানটির সংগীতায়োজনে থাকবে নতুনত্ব ও আধুনিক ফিউশনের ছোঁয়া। গানটির ভিডিওতে শিল্পী বগা তালেবকে তো দেখা যাবেই, হাজির হবেন অর্ণবও। কোরাস দলে দেখা যাবে অর্ণবের স্ত্রী সুনিধি নায়েককেও।

গানের নামটি গোপন রেখেছে কোক স্টুডিও বাংলা। এটি তারা চমক হিসেবে রাখতে চায়। অর্ণবও বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন। বগা তালেবও তার নতুন গান চমক হিসেবে রাখতে চান। তবে সূত্র জানাচ্ছে, বেশ পুরোনো গান বাছাই করেছেন অর্ণব ও বগা তালেব। বিচ্ছেদ আর হাহাকার মিশে থাকা গানটি নতুন করে সবার মধ্যে আবেদন ছড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এর আগে গেল বছরে বগা তালেব জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের গাওয়া ‘চিলতে রোদ’ গানের সঙ্গে ভাওয়াইয়া গান ‘ও কি একবার আসিয়া’ গেয়েছিলেন। গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল। অনেকেই বগা তালেবের গায়কীর প্রশংসা করে তার নতুন গানের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামী সপ্তাহে।

বগা তালেবের আসল নাম রিপন সরকার। কিন্তু সেই নামে তাকে খুব কম মানুষই চেনেন। বগা তালেবের জন্ম রাজশাহীর তানোরে মামাবাড়িতে। আর বেড়ে ওঠা একই জেলার বাঘা উপজেলার দাদাবাড়িতে। এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই গানের মধ্যে বেড়ে ওঠা তার। বাবা রবীন্দ্রসংগীত গাইতেন। পাঁচ-ছয় বছর বয়সে তার কাছেই রবীন্দ্রসংগীতের তালিম নেওয়া। তবে ওইটুকুন বয়সে নিজের স্কুলে গান গাইতে গেয়ে আরেক শিল্পীর গাওয়া ‘ও কি গাড়িয়াল ভাই’ গানটা শুনে তখনই পরিকল্পনা করেন ভাওয়াইয়া গান গাইবেন। সেই ভাওয়াইয়া দিয়েই নিজেকে চেনালেন রিপন। ছোটবেলায় বাবার পাশাপাশি তাকে গান শেখাতে বিভিন্ন ওস্তাদের কাছে নিয়ে যেতেন মামা। গানের শিক্ষা ও চর্চার জন্য পরিবার, মামা এবং তার গুরু গোলাম পাঞ্জাতনের কাছে কৃতজ্ঞ তিনি।

আর নতুন করে তার শিল্পী জীবন রঙিন করেছে অর্ণবের সান্নিধ্য। ভারতের শান্তিনিকেতনে হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউজিকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন তিনি। সেখানে পড়তে গিয়েই অর্ণবের সঙ্গে তার সখ্য। গণমাধ্যমে দেওয়া বগার ভাষ্য, ‘শান্তিনিকেতনে আমার ক্যাম্পাসের বড় ভাই অর্ণব দা। তার সঙ্গে আমার কয়েক বছর আগেই শান্তিনিকেতনে পরিচয় ও আলাপ হয়। দাদা শান্তিনিকেতনে গেলেই আমরা একসঙ্গে আড্ডা মারি। গান গাই। কিছুদিন আগে তিনিই আমাকে হুট করে একদিন ডাকেন ঢাকায়। তারপর গান নিয়ে আলাপ করতে করতে ভাওয়াইয়া গানটার কথা বলেন। গেয়ে শোনানোর পর ধীরে ধীরে রেকডিং করার পরিকল্পনা হয়। এভাবেই যুক্ত হওয়া।’

সেই যুক্ত হওয়ার মুগ্ধতা চলমান। প্রতিষ্ঠানটি থেকে সর্বশেষ প্রকাশিত হওয়া ‘দেওরা’ গানেও দেখা গেছে বগাকে। গানটি রাতারাতি ছড়িয়ে পড়েছে কোটি মানুষের কাছে। প্রীতম হাসানের সংগীতায়োজনে এখানে গান গেয়ে আলোচনায় এসেছেন ইসলাম উদ্দিন পালাকার।

রাজশাহীতে বগা তালেবদের নিজস্ব একটা ব্যান্ড আছে, স্বরব্যাঞ্জো। বেশ কয়েক বছর ধরেই এটার সঙ্গে যুক্ত তিনি। এই ব্যান্ডের হয়ে গান করেন নানা উৎসবে। তবে তার দলটি আলোচনায় এসেছিল ২০১৮ সালে ঢাকায় আয়োজিত ফোক ফেস্টে অংশ নেওয়ার মাধ্যমে। তাদের নিজেদের বেশ কয়েকটি গান পছন্দ করেছেন ভক্তরা। এবার সেই ভক্তদের নতুন গানে মজিয়ে দিতে আসছেন বগা তালেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা