বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৩ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৫ পিএম
ছবি : ফারহান ফয়সাল
বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এলিট ফোর্স ব্যাটালিয়ন র্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। থ্রিলার, অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর সিনেমাটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।
মুক্তির আগে র্যাব পরিবার, সিনেমাটির কলাকুশলী, নানা অঙ্গনের তারকা-ব্যক্তিত্বদের নিয়ে প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বিকালে এ শো অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। আরও অতিথি হিসেবে আছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ চলচ্চিত্রের বিভিন্ন আঙিনার মানুষ।
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পরিচালক দীপংকর দীপন, নায়ক রোশান, রিয়াজ, মনোজ, দর্শনা বণিকসহ অন্যান্য কলাকুশলীরাও আয়োজন আলোকিত করে রেখেছেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা।
মুক্তির আগে জোর প্রচারে নেমেছে ‘অপারেশন সুন্দরবন’ টিম। গত ৮ সেপ্টেম্বর বিকালে রাজধানীর কারওরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পোস্টার প্রকাশ হয় ছবিটির। এরপরই আলোচনায় এসেছে ছবির গানও।
র্যাব কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত সিনেমাটি পরিবেশনা করছে শাপলা মিডিয়া।
প্রবা/এলএ/ এমআই