প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৩:৩৩ পিএম
আপডেট : ১৯ মে ২০২৩ ১৫:৪৩ পিএম
সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত অ্যাকশনধর্মী থ্রিলার মুভি ব্ল্যাক ওয়ার : মিশন এক্সট্রিম ২ নির্মিত হয়েছে জঙ্গিবাদ ও পুলিশ বাহিনীর বীরত্ব ও নিবেদন নিয়ে। আরিফিন শুভ অভিনীত এ চলচ্চিত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ; তুলে ধরা হয় অপারেশনে তাদের বীরত্ব ও সাহসিকতা। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকেই। এ বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং উপভোগের সুযোগ নিয়ে এসেছে বায়োস্কোপ। আগ্রহীরা এখন চলার পথেই এ মুভি উপভোগের সুযোগ পাবেন; কিংবা বাসায় বসে নিজস্ব ডিভাইসে দেখতে পারবেন।
এ নিয়ে গ্রামীণফোনের হেড অব সার্ভিস বান্ডলিং অ্যান্ড ডিজিটাল কনটেন্ট হিতেশ সুদ বলেন, ‘গ্রাহকের কাছে তাদের পছন্দের কনটেন্ট নিয়ে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ভালোবাসাই ব্ল্যাক ওয়ারকে সফল করেছে। বাংলাদেশের মানুষ ব্ল্যাক ওয়ার নিয়ে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, তা দেখে আমরা আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের জন্য সেরা ও দারুণ সব কনটেন্ট নিয়ে আসতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আর এ চলচ্চিত্রই এর অনন্য উদাহরণ।’
এর পাশাপাশি চলচ্চিত্রটির সফলতা উদযাপনে ১৪ মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, মিশা সওদাগর, সুমিত সেনগুপ্ত ও পরিচালক ফয়সাল আহমেদ। আরিফিন শুভ বলেন, ‘ব্ল্যাক ওয়ার টিম এ চলচ্চিত্রকে সফল করে তুলতে তিন বছর ধরে পরিশ্রম করেছে। এ ছবির প্রতিটি শট বেশ যত্নের সঙ্গে নেওয়া হয়েছে এবং এ মুভির সফলতা নিয়ে আমরা আনন্দিত।’
বায়োস্কোপে ‘ব্ল্যাক ওয়ার : মিশন এক্সট্রিম ২’ বিনামূল্যে দেখতে ব্যবহারকারীদের বায়োস্কোপ অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ভিজিট করতে হবে।