প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৭:৫৩ পিএম
কিংবদন্তি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত সোমবার (১৫ মে) প্রয়াত হয়েছেন । অভিনয়শিল্পী পরিচয়ের পাশাপাশি একাধারে তিনি ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। অনেক আগে থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০১৮ সালের নির্বাচনে দলটির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে অনেক কাজই করতে পারেননি। এখন তো দুনিয়ার মায়া ছেড়ে গেলেন তিনি।

ফারুকের মৃত্যুর পর থেকে আলোচনা চলছে তার সংসদীয় আসন নিয়ে। নায়কের মৃত্যুতে ফাঁকা হয়ে যাওয়া আসনটিতে নতুন করে কে পাবেন মনোনয়ন সেটি নিয়েও চলছে জল্পনা-কল্পনা। অভিনেতা সিদ্দিকুর রহমান অনেক দিন ধরেই এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান বলে জানিয়ে আসছেন। ফারুকের মৃত্যুর পরও প্রকাশ্যে এসেছে তার পোস্টার। যেখানে বলা হয়েছে সিদ্দিক গুলশান-বনানীর আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হতে চান।
তবে ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদকে। এ বিষয়ে বুধবার ফেসবুকে একটি পোস্ট করে সানী লিখেছেন, ‘ফারুক ভাই চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না, গুলশান-বনানী তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।’