× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমেরিকায় সেরা ছবির পুরস্কার জিতল ‘অন্যদিন...’

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৮ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৩:১০ পিএম

আমেরিকায় সেরা ছবির পুরস্কার জিতল ‘অন্যদিন...’

আবারও চলচ্চিত্রের হাত ধরে বিদেশের মাটিতে উড়ল বাংলাদেশের পতাকা। জয়ও করল একটি স্বীকৃতি। উত্তর আমেরিকার অন্যতম প্রধান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের জন্য হ্যারেল অ্যাওয়ার্ড জয় করেছে কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’।  

ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে ভ্যারাইটি বর্ণনা করেছে ‘অস্কার হটস্পট ফেস্টিভ্যাল’ হিসেবে।

ক্যামডেনের ১৮তম আসরে এ বছর সেরা ছবির পুরস্কার হ্যারেল অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করেছে ‘অন্যদিন…’সহ ৮টি ছবি, যেখানে বাংলাদেশ ছাড়াও ছিল আমেরিকা, কানাডা, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, স্কটল্যান্ড, অস্ট্রিয়া, ফিলিস্তিন এবং আর্মেনিয়ার সিনেমা। 

পুরস্কার জয় করে কামার আহমাদ সাইমন আনন্দ প্রকাশ করে বলেন, ‘এ জয় আনন্দের, আরও অনেক দূর যাওয়ার উৎসাহের।'

উৎসবে মেইনের রকল্যান্ডে অবস্থিত জার্নিস অ্যান্ড থিয়েটারে ‘অন্যদিন…’-এর প্রদর্শনী হয়েছিল। এরপর গতকাল ১৯ সেপ্টেম্বর রাতে আসে সুখবরটি। স্বনামধন্য চলচ্চিত্র সমালোচক এরিক হাইনস জুরিদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘এই ছবিকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার ব্যাপারে আমরা জুরিরা সবাই একমত ছিলাম। একটা গোটা সমাজের শক্তিশালী পর্যবেক্ষণ চমৎকার এই হাইব্রিড ছবি।’

ক্যামডেনের পর প্রযোজক সারা আফরীনসহ ইউরোপের অন্যতম চলচ্চিত্র উৎসব জুরিখ ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশে রওনা দেওয়ার কথা কামারের। সেখানে ‘গোল্ডেন আই’ পুরস্কারের লড়াইয়ে আছে ‘অন্যদিন…’। 

উল্লেখ্য, গত নভেম্বরে ওয়ার্ল্ড টপ-টেন ফেস্টিভ্যাল ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছিল কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন...’। বিশ্ব-অভিষেক হয়েছিল দুনিয়ার সুন্দরতম থিয়েটার আমস্টারডামের পাথে তুসান্সকিতে। ইডফার ওয়েবসাইটে ‘অন্যদিন...’কে লেখা হয়েছিল ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’। 

এর আগে মার্চে নিউ ইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজ বা মমির ফার্স্ট লুক ফেস্টিভ্যালে মাত্র ১৮টা নির্বাচিত ফিচারের মধ্যে প্রথম বাংলা ছবি ছিল ‘অন্যদিন...’। মমির ওয়েবসাইটে ‘অন্যদিন...’-এর সেগমেন্টকে বর্ণনা করা হয়েছিল ‘আর্টিস্টিক মাস্টারপিস’ হিসেবে। গেল জুনে ‘অন্যদিন...’ ছিল সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে অস্ট্রেলিয়ান সেগমেন্টে জুরির দায়িত্বেও ছিলেন কামার। অস্ট্রেলিয়ার লিডিং ফিল্ম ম্যাগাজিন ফিল্ম-ইংক তখন ‘অন্যদিন...’ নিয়ে লিখেছিল, ‘ছবিটা সবচাইতে বড় পর্দায় দেখানো উচিত’।

২০১৪-তে সানড্যান্স থেকে গ্রান্ট অ্যাওয়ার্ড জয় করে ‘অন্যদিন...’-এর কাজ শুরু করলেও ছবির গল্প নিয়ে মুখ খুলতে নারাজ কামার। এই ছবির স্ক্রিপ্টের জন্যই ২০১৬-তে লোকার্নোতে প্রথম কোনো বাংলাদেশি নির্মাতা হিসেবে পিয়াতজা গ্রান্দায় রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা দেওয়া হয়েছিল কামারকে। একই সঙ্গে পেয়েছিলেন ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ। 

২০১৭-তে পেয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে এক্সক্লুসিভ আমন্ত্রণ। স্ক্রিন ডেইলি ‘অন্যদিন...’-এর রিভিউতে লিখেছে ‘সিডাকটিভ’, আর ভ্যারাইটি লিখেছে ‘কৌতুকপূর্ণ কিন্তু বিবেক নাড়া দেয়’।

দশ বছরের বেশি সময় ধরে একটা ওয়াটার ট্রিলজি বা জলত্রয়ীর কাজ করছেন কামার, যেখানে প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ আর দ্বিতীয় ছবি ‘অন্যদিন...’ । লোকার্নোর ওপেন ডোর্স এবং জার্মানির ডক-লাইপজিশের উদ্বোধনী ছবি ছিল ‘শুনতে কি পাও!’ প্যারিসে সিনেমা দ্যু রিলে গ্রাপ্রি, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন কোঞ্চ বা স্বর্ণশঙ্খ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার জয় করেছিল ছবিটি।


প্রবা/এলএ/এমজে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা