প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৩:৩৬ পিএম
হলিউড অভিনেত্রী কেট উইন্সলেটের পরিচয়ের জন্য বিশেষণের প্রয়োজন হয় না। অভিনয়দক্ষতায় বহু আগেই ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই তারকা অভিনেত্রী। এবার তার নামের সঙ্গে যুক্ত হলো নতুন পালক। ‘আই অ্যাম রুথ’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য ‘বাফটা ২০২৩’ জিতে নিয়েছেন হলিউডের শীর্ষ অভিনেত্রী কেট উইন্সলেট। ব্রিটিশ টিভি সিরিজটিতে অভিনয় করে আবারও দর্শকহৃদয় জয় করেছেন ‘টাইটানিক’ খ্যাত অভিনেত্রী।
সম্মানজনক পুরস্কার বিজয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কেট। মঞ্চে পুরস্কার গ্রহণের সময় নিজের বক্তব্যে তারকা মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেন। টিভি সিরিজ আই অ্যাম রুথে মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাওয়া মায়ের চরিত্রে অভিনয় করেছেন কেট উইন্সলেট।
নিজের বক্তব্যে কেট বলেন, ‘আমরা আমাদের বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের জন্য আতঙ্কিত হয়ে জেগে থাকতে চাই না। আমরা আমাদের সন্তানদের ফিরে চাই। যেকোনো যুবক-যুবতী যারা শুনছেন, অনুগ্রহ করে সাহায্য চাইতে পারেন। আপনার সাহায্য প্রয়োজন এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই। শুধু এটি চেয়ে দেখুন।’
টাইটানিক তারকা আরও বলেন, তিনি যদি পুরস্কারটি অর্ধেক কেটে নিজের মেয়েকে দিতে পারতেন, তাহলে সেটাই করতেন। আই অ্যাম রুথে তার কন্যা মিয়া থ্র্যাপলটনও অভিনয় করেছেন। তিনি কেটের মেয়ের চরিত্রেই সিরিজটিতে মূল ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করেছেন। মেয়ের উদ্দেশে কেট আরও বলেন, ‘আমরা একসঙ্গে এটি করেছি, কিডো। মিয়া এই ভীতিকর, আবেগপূর্ণ চরিত্রটি চিত্রায়ণ করেছে, যা তার জন্য বেদনাদায়ক ছিল। সে সত্যিই অসাধারণ কাজ করেছে।’
আই অ্যাম রুথ এ বছরের সবচেয়ে আলোচিত একটি টিভি সিরিজ। চ্যানেল ৪-এর সিরিজটি এ বছর বাফটা অ্যাওয়ার্ড শোতে সেরা একক নাটকের পুরস্কার জিতেছে। ডিজিটাল যুগে কঠিন মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এমন মা-মেয়ের সম্পর্ক তুলে ধরা হয়েছে ব্রিটিশ সিরিজটিতে। মায়ের চরিত্রে কেট উইন্সলেট ও মেয়ের চরিত্রে তার কন্যা মিয়া থ্র্যাপলটন অভিনয় করেছেন।