× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফারুক-ববিতা জুটির ভক্তরাও আজ হয়তো কাঁদবেন : ববিতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৫:২৮ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৭:৩৮ পিএম

ফারুক-ববিতা জুটির ভক্তরাও আজ হয়তো কাঁদবেন : ববিতা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র তথা সংস্কৃতির আঙিনায়। 

ফারুকের মৃত্যুর খবরে শোকাহত তার বহু হিট ছবির নায়িকা ববিতা। বর্তমানে তিনি আছেন কানাডায়, তার ছেলের কাছে। সেখান থেকেই পান তার নায়কের চিরপ্রস্থানের খবর। ববিতা বলেন, ‘আমি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছি, এমন সময় খবরটি পেলাম। বুকটা হুহু করে উঠল। রাজ্জাক ভাই, ফারুক ভাই; সবাই চলে যাচ্ছেন। এটিএম চাচা, কবরী, হুমায়ূন ফরীদিসহ অনেকেই তো না ফেরার দেশে চলে গেছে। আমরা সব হারানোর স্রোতে পড়ে গেছি। মনটা খুব খারাপ হলো। অনেক দিন অসুস্থ ছিলেন। কষ্ট করেছেন। আজ চিরদিনের মতো সব কষ্টের অবসান হলো। আমি দোয়া করি ফারুক ভাইয়ের জন্য। তিনি ভালো মানুষ ছিলেন। পরোপকারী ছিলেন। ভালোবাসার কাঙাল ছিলেন। খোদা যেন তার এই গুণগুলো বিবেচনা করে তাকে ভালোবাসা দেন।’

‘কেউ চলে গেছে শুনলে মনটা ভেঙে যায়। বুকের মধ্যে হাহাকার হয়। মনে হয়, সময় কতো দ্রুত চলে গেল। সেই সময়ের সাথী হয়ে আমাদেরও একদিন চলে যেতে হবে। ফারুক ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। সেসব স্মৃতি নিয়ে কথা বলার পরিস্থিতিতে আমি নেই। চোখের সামনে মানুষটাকে ভাসছে। সেই যুবক ফারুক থেকে বৃদ্ধ ফারুককে দেখেছি, চিনেছি। কত কাজ করেছি একসঙ্গে। রাত-বিরাতে শুটিং করেছি। হাসি, আনন্দ, বেদনা, কত মান-অভিমান। কত সিনেমা হিট হয়েছে আমাদের। লোকে ফারুক-ববিতা জুটিকে আজও ভালোবাসেন। যারা আমাদের জুটির ভক্ত ছিলেন, দর্শক ছিলেন, তারাও আজ হয়তো তাদের প্রিয় নায়ককে হারিয়ে কাঁদছেন, কষ্ট পাচ্ছেন। নায়ক হিসেবে, মানুষ হিসেবে ফারুক ভাই অনেক কারণেই অনন্য। তার শূন্যস্থান পূরণ হওয়ার স্বপ্ন দেখাটাও বোকামি’- যোগ করেন ববিতা।

একসঙ্গে ফারুক-ববিতা ‘আবার তোরা মানুষ হ’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘নয়নমণি’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘মিয়া ভাই’সহ ৩০টির বেশি ছবিতে কাজ করেছেন। সেসবের মধ্যে বহু সিনেমাই ছিল সুপারডুপার হিট। 

ফারুকের সঙ্গে ববিতার শেষ দেখা হয়েছিল ২০১৮ সালে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর মঞ্চে। ওই আসরে যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছিলেন তারা দুজন। ‘আমরা যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একসঙ্গে আজীবন সম্মাননা নিয়েছি, সেদিনই শেষ দেখা হয়েছিল। ওই সময় তার সঙ্গে অনেক কথা হয়েছিল।’

সবার কাছে ফারুকের জন্য দোয়া চেয়ে ববিতা বলেন, ‘এ মুহূর্তে ফারুক ভাইয়ের জন্য আমাদের দোয়া খুব জরুরি। সবাইকে বলব আসুন উনার জন্য আমরা দোয়া করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা