× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য কেরালা স্টোরি নিয়ে কেন এত বিতর্ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৩:১১ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১৫:৩০ পিএম

দ্য কেরালা স্টোরির পোস্টার। ছবি : সংগৃহীত

দ্য কেরালা স্টোরির পোস্টার। ছবি : সংগৃহীত

দ্য কেরালা স্টোরি নামে নতুন এক চলচ্চিত্রে হিন্দু ও খ্রিস্টান নারীদের উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার গল্প তুলে ধরার দাবি করা হয়েছে।

এরই মধ্যে ভারতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে চলচ্চিত্রটি। পক্ষে-বিপক্ষে অনেক কথাই বলা হচ্ছে। বিরোধীদলীয় অনেক নেতা একে প্রপাগান্ডা বলে দাবি করেছেন। অনেকে আবার অভিযোগ তুলেছেন, চলচ্চিত্রটির মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতিতে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতাদের সমর্থন পেয়েছে দ্য কেরালা স্টোরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক জনসমাবেশে প্রশংসা করেছেন চলচ্চিত্রটির। দলীয় অনেক সদস্য ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা এবং বিনামূল্যে টিকিট বিতরণ করেছেন।

মূলধারার চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে দুর্বল রেটিং পেয়েছে ছবিটি। এক সমালোচক লিখেছেন, চলচ্চিত্রটিতে ইসলামের ব্যাপারে এবং ধর্মান্তরিত হওয়ার বিষয়ে যে চিন্তাধারা দেখানো হয়েছে, তা কোনো বিদ্বেষপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমদানি করা হয়েছে বলে মনে হয়েছে।’

তবে সমালোচকরা যা-ই বলুন না কেন, বক্স অফিসে ব্যাপক সাফল্যের দেখা পেয়েছে চলচ্চিত্রটি। কোনো বড় তারকাবিহীন ছোট বাজেটের এ চলচ্চিত্রটি পাঁচ দিনে ৫৬ কোটি রুপির বেশি আয় করেছে বলে অনুমান করছেন ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ।

মুক্তির কয়েক মাস আগে থেকেই বিতর্কের জন্ম দিয়ে আসছে কেরালা স্টোরি। টিজার প্রকাশের পর নভেম্বরে দক্ষিণ ভারতের রাজ্য কেরালার কিছু রাজনীতিবিদ চলচ্চিত্রটি নিষিদ্ধ করার আহ্বান জানান। কারণ টিজারে দাবি করা হয়েছিল, ওই রাজ্যের ৩২ হাজার নারীর হৃদয়বিদারক এবং আঁতকে ওঠার মতো ঘটনা বলা হয়েছে ছবিটিতে।

পরে সত্যতা যাচাই ওয়েবসাইট অল্ট নিউজের বিস্তারিত প্রতিবেদনে জানানো হয়, ওই সংখ্যার সপক্ষে কোনো প্রমাণ নেই। তবে ছবিটির নির্মাতাদের দাবি, সত্য ঘটনার ওপর ভিত্তি করে এবং কয়েক বছরের গবেষণার পর তৈরি হয়েছে কেরালা স্টোরি।

চলতি বছরের এপ্রিলে চলচ্চিত্রটি ঘিরে আইনি চ্যালেঞ্জ এবং সমালোচনা বৃদ্ধি পেতে থাকে। কেরালা হাইকোর্ট ছবিটির ছাড় স্থগিত করতে অস্বীকৃতি জানান। চলচ্চিত্র নির্মাতারা অবশ্য টিজার সরিয়ে নিতে রাজি হয়ে যান। ইউটিউবের ডেসক্রিপশন অংশও পরিবর্তন করে জানিয়ে দেন, কেরালার ভিন্ন ভিন্ন অংশের তিন অল্প বয়সি মেয়ের সত্য ঘটনার সমন্বয়ে তৈরি হয়েছে ছবিটি।

২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর ভারতের কর্মকর্তারা জানান, কেরালা থেকে আইএসে যোগ দেওয়া চার নারী সেখানে কারাগারে রয়েছেন। গত বছর নাম না প্রকাশের শর্তে বিবিসিকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ধর্মান্তরিত হয়ে আইএসে যোগ দিতে কেরালা ছাড়া নারীর সংখ্যা ১০-১৫ জনের বেশি হবে না।

চলচ্চিত্রটির মুক্তির পর ভারতের দুটি রাজ্যে এটিকে করমুক্তি সুবিধা দেওয়া হয়েছে। রাজ্য দুটি হলো উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ। দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। অন্য অনেক জায়গা থেকে অভিযোগ করা হয়েছে, মুসলিমদের ছোট করে দেখানো এবং ইসলামফোবিয়া ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

তামিলনাড়ুতে মাল্টিপ্লেক্স মালিকদের একটি সংগঠন চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ করে দেবে বলে জানিয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এরই মধ্যে ছবিটিকে নিষিদ্ধ করেছে। তারা বলেছে, এটি শান্তি ও শৃঙ্খলার জন্য বিপজ্জনক হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ছবি শোরগোল তৈরি করলেও বাস্তব জীবনে রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে ব্যর্থ হয়।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা