বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫০ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৫ পিএম
দেশের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ আর নেই। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অপর্ণার ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা শাফায়েত মনসুর রানা এবং পরিচালক ইমরাউল রাফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।
আজ ১৮ সেপ্টেম্বর সকালে শাফায়েত মনসুর তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বন্ধু অপর্ণা ঘোষের মা আজ সকালে চট্টগ্রামে মারা গেছেন।’
ইমরাউল রাফাত লিখেছেন, ‘আমাদের বন্ধু অপর্ণা ঘোষের মা আজ সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।’
এদিকে অভিনেত্রী মনিরা মিঠু ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মা আজ সকালে পরপারে চলে গেছেন। মায়ের আত্মার শান্তি হোক। কিডনি ফেইলিউর হয়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।’
অপর্ণার ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গেল, অভিনেত্রীর মায়ের বয়স হয়েছিল ৫৮ বছর। চট্টগ্রামের আন্দরকিল্লার বলুয়ারদীঘি মহাশ্মশানে ঝর্ণা ঘোষের শেষকৃত্য সম্পন্ন হবে।
অপর্ণার মাতৃবিয়োগে শোবিজে তার সহকর্মীরা শোক প্রকাশ করছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর্ণার মায়ের বিদেহি আত্মার শান্তি কামনা করেছেন।
প্রবা/এলএ/ এসআর