প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৩ ১৭:৪৭ পিএম
বাংলাভাষার বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেন। আগামী ১৪ মে কিংবদন্তী চলচ্চিত্রকার মৃণাল সেনের শততম জন্মদিন। তিনি ১৯২৩ সালের ১৪ মে তৎকালীন পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশের ফরিদপুর জেলা শহরের সদর এলাকার ঝিলটুলিতে জন্মগ্রহণ করেন। ফরিদপুরে তিনি তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ালেখা সম্পন্ন করে পশ্চিম বাংলার কলকাতায় স্থায়ী হন।
পরবর্তীকালে তিনি ভারতীয় চলচ্চিত্রের যুগ পরিবর্তনের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন। উপমহাদেশে সৎ ও চিন্তাশীল চলচ্চিত্রে তিনি অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব। চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করেছে বিশেষ আলোচনা অনুষ্ঠানের। সেখানে মৃণাল সেনের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনার পাশাপাশি প্রকাশ করা হবে জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ স্মারক পোস্টার।
এ ছাড়া অনুষ্ঠানে ঘোষণা করা হবে মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির বছরব্যাপী আয়োজনের পরিকল্পনা।
আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে বিকেল ৫টা ৩০ মিনিটে, ঢাকার কাঁটাবনের পাঠক সমাবেশে।
আয়োজনে মৃণাল সেনের জীবন ও সৃষ্টি বিষয়ে আলোচনা করবেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী, আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ ও শিল্পী সব্যসাচী হাজরা। আয়োজনে সভাপতিত্ব করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
আয়োজন সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।