প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৬:২৯ পিএম
আপডেট : ০৯ মে ২০২৩ ১৬:৩০ পিএম
আবারও বড়পর্দায় ফিরছেন বিদ্যা বালান। আগামী ৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ছবি ‘নিয়ত’। আবুনদানিতা এন্টারটেনমেন্ট এবং প্রাইম ভিডিওর তরফ থেকে এ খবর জানা যায়।
নতুন ছবিতে একজন মহিলা সত্যানুসন্ধানীর ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে। ছবিটি মূলত একটি থ্রিলার। সেখানে একজন কোটিপতির বাড়ির পার্টিতে হওয়া খুনের রহস্য সমাধানে গোয়েন্দা হিসেবে যাবেন বিদ্যা। খুনের সমস্ত সন্দেহভাজনের কাছেই লুকিয়ে রয়েছে কিছু না কিছু তথ্য। সেই রহস্যেরই উন্মোচন করবেন বিদ্যা।
‘নিয়ত’ পরিচালনার দায়িত্বে রয়েছেন অনু মেনন। পরিচালক হিসেবে এটিই তাঁর প্রথম ছবি। প্রোডাকশন কোম্পনি সোমবার ছবিটির পোস্টার শেয়ার করে ইনস্টাগ্রামে। সেখানে লেখা ছিল, আগামী ৭ জুলাই শুধুমাত্র হলেই মুক্তি পাচ্ছে ছবিটি।
বিদ্যা ছাড়াও ছবিটিতে একাধিক অভিনেতা রয়েছেন। রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভি এবং ঈশিকা মেহরাকে দেখা যাবে এই ছবিতে। অনু মেননের সঙ্গেই নিয়তের চিত্রনাট্য লিখেছেন প্রিয়া ভেঙ্কটরামন, অদ্বৈতা কালা এবং গির্বাণী ধ্যানী। সংলাপ লিখেছেন কৌসর মুনির।
আবুনদানিতা এন্টারটেনমেন্ট, অনু মেনন এবং প্রাইম ভিডিওর সঙ্গে এর আগে ‘শকুন্তলাদেবী’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বিদ্যা।