বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:০১ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৩ পিএম
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাসবেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। জানা গেছে, রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে৷ এখন আছেন স্পেশাল ওয়ার্ডে। খানিকটা শঙ্কামুক্ত রয়েছেন।
তবে রনির এই দুর্ঘটনা বিষাদের ছায়া ফেলেছে শোবিজে৷ হাসিখুশি মানুষ রনির জন্য প্রার্থনা করছেন তারকারা।
দেশের গণ্ডি পেরিয়ে রনির জন্য দোয়া করছেন ওপার বাংলায় মীরাক্কেলে তার সহকর্মীরাও। মীরাক্কেলের উপস্থাপক মীর আফসার আলি ফেসবুকে এক স্ট্যাটাসে রনির জন্য প্রার্থনা করে লিখেছেন, 'আবু হেনা রনি
নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।'
এদিকে দেশে অপু বিশ্বাস, শাহনাজ খুশিসহ নানা অঙ্গনের তারকারা রনির জন্য দোয়া করছেন।
প্রসঙ্গত, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে একটি অনুষ্ঠানে এক দুর্ঘটনায় আবু হেনা রনি ছাড়াও আরও চারজন দগ্ধ হন। অন্য দগ্ধরা হলেন--মোশাররফ হোসেন, পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
শনিবার দুপুরে বাংলাদেশ কমেডি ক্লাবের এক সদস্য জানান, রনিকে আইসিইউ থেকে স্পেশাল ওয়ার্ডে আনা হয়েছে। তিনি কথা বলতে পারছেন। রাত থেকে আমরা বাংলাদেশ কমেডি ক্লাবের সবাই আছি। বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে চলছে রনির চিকিৎসা। ৭২ ঘণ্টার অবজারভেশনে আছেন তিনি। সবাই দোয়া করবেন। সব মিলিয়ে শরীরের ২৫ ভাগ বার্ন হয়েছে। রনি ভাইসহ আরও দুজন পুলিশ সদস্যের জন্য স্পেশাল ডক্টর তত্ত্বাবধান করছেন। আইসিইউতে নেওয়ার আগে কমেডি ক্লাবের সদস্যরা দেখা করেছেন।
প্রবা/এলএ/জেআই