বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৬ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৫ পিএম
বাংলাদেশে গত ঈদে মুক্তি পায় অনন্ত-বর্ষা অভিনীতি সিনেমা ‘দিন : দ্য ডে’। ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার ১৫টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি সেদেশের প্রবাসীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। মালয়েশিয়ার কয়েকটি হলে দর্শকের উপচে পড়া ভিড়ের কিছু ভিডিও ফুটেজ হাতে এসেছে প্রতিদিনের বাংলাদেশের।
সেখানে দেখা গেল নানা বয়সের প্রবাসী দর্শক হাজির হয়েছেন স্থানীয় থিয়েটারগুলোতে। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ পরিবারসহ। দেশের সিনেমা বিদেশের হলে বসে দেখার সুযোগ পেয়ে তারা আনন্দিত।
এদিকে নতুন খবর হলো, প্রবাসীদের গল্প নিয়ে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন অনন্ত-বর্ষা। ‘দিন : দ্য ডে’ ছবির মুক্তি উপলক্ষে বর্তমানে মালয়েশিয়ায় আছেন অনন্ত-বর্ষা জুটি। সেখানে তারা একটি সংবাদ সম্মেলনেও অংশ নেন। সেই অনুষ্ঠানে প্রবাসীদের নিয়ে সিনেমা তৈরির কথা বলেন এ তারকা দম্পতি। তবে কবে হবে ছবিটি এর বিস্তারিত কিছু জানাননি তারা।
আগামীতে বাংলা ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে অনন্ত বলেন, ‘সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই। যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাই-বোনেরা আছেন, সেখানেই আমরা একটা মার্কেট গড়ে তুলতে চাই। আমরা প্রবাসীদের জীবনের গল্পগুলো সিনেমায় তুলে আনতে চাই।’
বর্ষা প্রতিদিনের বাংলাদেশকে জানান, আমরা মালয়েশিয়ায় ‘দিন : দ্য ডে’ নিয়ে যে সাড়া দেখছি তাতে অভিভূত।
এ মুহূর্তে অনন্ত-বর্ষার হাতে আছে ‘নেত্রী : দ্য লিডার’ ছবিটি। এ ছাড়া তারা প্রথমবারের মতো নিজেদের প্রোডাকশনের বাইরে একটি সিনেমায় কাজ করছেন। ‘কিল হিম’ নামের সেই সিনেমা প্রযোজনা ও পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল।
প্রবা/এলএ/ এসআর