প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১২:৩৭ পিএম
এসেইস একটি পারিবারিক মেটাল ব্যান্ড। যেখানে পরিবারের সবাই এক হয়ে গান করেন। তারা সবাই অস্ট্রেলিয়ার নাগরিক হয়েও শুধু মিউজিক আর পরিবারের জন্য দেশে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন ২০২১ সালে। এর আগে ২০১৯ সালে অস্ট্রলিয়ায় তাদের ব্যান্ডের যাত্রা হয়। প্রথমে বিশ্বের বিভিন্ন মেটাল ব্যান্ডের গান কাভার করেন। এরপর শুরু করেন বাংলা গান। এবার প্রথমবারের মতো অ্যালবাম বের করতে যাচ্ছে পরিবারটি। অ্যালবামের নাম ‘ছিল সবই এখানে’।
অ্যালবামটিতে মোট ৭টি গান থাকছে। গানগুলো সফট রক ও মেটাল ধাঁচের নির্মাণ করা হচ্ছে বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন দলটির প্রধান সদস্য কি-বোর্ড ও ভোকালিস্ট ড. সাইফ শরীফ।
নিজেদের প্রথম অ্যালবাম নিয়ে দলটির সবাই বেশ উচ্ছ্বসিত। তাই রাতদিন এক করে গানগুলো নির্মাণে ব্যস্ত সময় পার করছেন তারা। ড. সাইফ শরীফ বলেন, ‘দেশের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের আন্তরিকতা ও ভালোবাসায় আমাদের প্রথম অ্যালবাম নির্মাণ করার সাহস ও শক্তি পেয়েছি। তাই প্রথম ভালোবাসা তাদের জন্য। কারণ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকা সত্ত্বেও আমরা শুধু সংগীতের জন্য দেশে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা সহজ ছিল না। আমাদের এমন সিদ্ধান্ত নিতে বেশ সময়ও লেগেছিল। কিন্তু যখন দেশের মানুষ হৃদয় থেকে আমাদের গ্রহণ করে নিল, তখন আমাদের সব দ্বিধা দূর হয়ে যায়। আমরা অ্যালবাম বের করার পরিকল্পনা করি। সেই ধারাবাহিকতায় এবার আমাদের প্রথম অ্যালবাম বের হচ্ছে। যার অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।’

অ্যালবামটিতে কী ধরনের গান ও কটি গান থাকবে জানতে চাইলে সাইফ শরীফ আরও বলেন, ‘আমাদের প্রথম অ্যালবামে ৭টি গান রাখা হবে। গানগুলো সফট রক ও মেটাল ধাঁচের। গানগুলো লিখেছেন আমাদের ড্রামার ড. রাকিয়া ইশরা। আশা করছি প্রতিটি গানই দর্শকদের ভালো লাগবে।’
নিজেদের প্রথম অ্যালবামের গান লেখার বিষয়ে রাকিয়া ইশরা বলেন, ‘গানগুলো সব আমার লেখা হলেও পরিবারের সবার সাপোর্ট ছিল। মিউজিকের ধরন মাথায় রেখে গানগুলো লেখা হয়েছে। আমরা কী ধরনের মিউজিক করি তা ইতোমধ্যে এসেইসের ভক্তরা বুঝতে পেরেছেন। ভক্তদের প্রত্যাশাকে আমরা গুরুত্ব দিচ্ছি। অ্যালবামটির মিউজিক কম্পোজ করেছে আমাদের মেজো মেয়ে সারওয়া। দলগতভাবেই আমরা অ্যালবামটি নিয়ে আসছি। বিশ্বের বিভিন্ন দেশে মিউজিক করার সুযোগ পেয়েছি আমরা। কিন্তু আমরা তা চাইনি। আমরা চেয়েছি বাংলাদেশে থেকে, বাংলাদেশের হয়ে বিশ্ব ব্যান্ড মিউজিকে ভূমিকা রাখতে। সেই স্বপ্ন নিয়েই ব্যান্ড এসেইস এগোচ্ছে। সামনের দিনগুলোয় আপনাদের ভালোবাসা আমাদের আরও অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী।’
নিজেদের প্রথম অ্যালবাম নিয়ে দলটির সবচেয়ে কনিষ্ঠ সদস্য রিদম গিটার ও ভোকালিস্ট আলিনা বলেন, ‘আমার অন্যরকম একটি অনুভূতি হচ্ছে। যে অনুভূতির কথা প্রকাশ করার মতো বয়সে আমি হয়তো এখনও আসিনি। তবে আমার সংগীত করতে ভালো লাগে। আপাতত সেটাই করতে চাই।’
দলটির আরও দুই সদস্য হলেন লিড গিটারিস্ট সারওয়া ও বেস গিটার ও ভোকালিস্ট ঈদ। তাদের অনুভূতির কথা জানতে চাইলে সারওয়া বলেন, ‘প্রথম অ্যালবাম প্রকাশের অনুভূতি অবশ্যই দারুণ। এ ছাড়া এ অ্যালবামের কম্পোজিশনের দায়িত্ব আমার ছিল। তাই একটু প্রেশারেও আছি। আপাতত কেমন হলো সেটার রিভিউ জানার অপেক্ষায় রয়েছি। এ ছাড়া এখন আর কিছু বলতে চাই না।’

নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে ঈদ বলেন, ‘এটি অবশ্যই একজন মিউজিশিয়ানের জন্য অসাধারণ অনুভূতি। তবে তার চেয়েও বেশি ভালো লাগছে পরিবারের সঙ্গে মিউজিক করত পেরে। দুটো মিলে আমি দারুণ অনুভব করছি।’
এসেইস ব্যান্ডের প্রথম অ্যালবামে থাকা গানগুলোর শিরোনাম হলো ‘ছিল সবই এখানে’, ‘জাগো’, ‘ছায়াশরীর’, ‘ও দেশ আমার’, ‘সীমার মাঝে অসীম’, ‘রূপকথার গল্প’, ‘মুখ ও মুখোশ’। অ্যালবামটি আগামী বিজয় দিবসে নিজেদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়ার কথা রয়েছে।