প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৩:২৫ পিএম
চলতি বছর নতুন সিনেমার ঘোষণা দেন জনপ্রিয় নির্মাতা দেবাশীষ বিশ্বাস। নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। আশির দশকের ‘নাগ পূর্ণিমা’ সিনেমায় প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের গাওয়া গান থেকে অনুপ্রাণিত হয়েই এটি নির্মাণ করেছেন তিনি। মুক্তির আগেই নতুন আরও একটি সিনেমার ঘোষণা দিলেন দেবাশীষ।
এই সিনেমার নাম ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’। মজার তথ্য হলো, এই সিনেমার শুটিং ও মহরত দুটোই হবে যুক্তরাষ্ট্রে। এর কাজের জন্য ইতিমধ্যেই জো বাইডেনের দেশে পাড়ি দিয়েছেন তিনি। যাওয়ার আগে জানান, আগামী ১২ তারিখ লস অ্যাঞ্জেলেসে সিনেমার মহরত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করবেন একঝাঁক নতুন মুখ। এ বছরই শেষ হবে এর শুটিং। এরপরই ঘোষণা আসবে মুক্তির।
নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, ‘নতুন একজোড়া মুখ নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। গল্পটি আমেরিকার প্রেক্ষাপটে। তাই এর মহরত ও শুটিং সবই হবে সেখানে। রোমান্টিক গল্পে সিনেমাটি তৈরি হবে।’
দেবাশীষের এই সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন সেজান দেওয়ান ও মায়রা আলী। এর প্রযোজনায় থাকছেন বিপ্লব দেওয়ান।
এছাড়াও কিছু স্টেজ শোতে অংশ নেবেন দেবাশীষ।