× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোরবানির ঈদে আসছে ডেঞ্জার জোন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৩:০৩ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৩:২৬ পিএম

কোরবানির ঈদে আসছে ডেঞ্জার জোন

২০১৭ সালের ২৮ মার্চ সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। বেশ ঘটা করে কিছুদিন পরই শুটিং শুরু হয়। দেখতে দেখতে ছয় বছর কেটে গেল। এখনও এটি মুক্তির মুখ দেখেনি। অনেকে হয়তো ভুলেও গেছেন এ সিনেমার কথা। যাদের মনে আছে তারা হয়তো ধারণাই করে নিয়েছেন ছবিটি আর শেষ হবে না। কিন্তু ছয় বছর পর এসে ছবিটি মুক্তির ঘোষণা দিলেন পরিচালক বেলাল সানি। এই পরিচালকের প্রথম সিনেমা এটি। তিনি জানান, সিনেমাটি আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে।

শুটিং শুরু করার প্রায় তিন বছর পর মুক্তির জন্য প্রস্তুত হয়েছিল সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর ‘ডেঞ্জার জোন’ সিনেমাটি। পেয়েছিল সেন্সর বোর্ডের অনুমতিও। কিন্তু করোনার কারণে ছবিটি হলে মুক্তি দিতে পারেননি পরিচালক। করোনা কেটে গেলে গত বছরও একবার শোনা গিয়েছিল ছবিটি মুক্তি পাবে। সেটিও হয়নি। এবার নির্মাতা জানালেন, কোরবানির ঈদে সিনেমার বাজার চাঙ্গা থাকবে। সে সময়ই তিনি ডেঞ্জার জোন মুক্তি দিতে চান।

নির্মাতা বলেন, ‘অনেক আশা নিয়ে সিনেমার কাজটি শুরু করেছিলাম। দেশের প্রথম ভৌতিক ও হরর সিনেমা হিসেবে ডেঞ্জার জোনের শুটিং শুরু হয়েছিল। খুব আলোচনার জন্ম দিয়েছিল সিনেমাটি। নানা কারণে আমাদের সময় লেগে গেছে। শুটিং করতে সময় লেগেছে অনেক। এডিটিংয়ের কাজেও দীর্ঘ সময় ব্যয় করা হয়েছে। ছিল করোনার প্রকোপ। তবে সবকিছু সামলে আমরা প্রস্তুতি নিচ্ছি ছবিটি কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে নিয়ে আসব।’

প্রায় ছয় বছরেরও বেশি সময় আগের সিনেমা ডেঞ্জার জোন। এর গল্প ও চরিত্রগুলো কি সময়োপযোগী হবে? জবাবে পরিচালক বেলাল সানি বলেন, ‘এটা সত্যি যে, যখন আমরা সিনেমাটির নির্মাণ শুরু করেছিলাম সেটা একটা ভিন্ন সময় ছিল, যা এখন অনেক বদলেছে। তবুও আমার বিশ্বাস, দর্শকের কাছে সিনেমাটি সময়োপযোগী মনে হবে।’ নিজের সিনেমার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমি দেশের প্রথম ভৌতিক ও হরর সিনেমা বানাতে চেয়েছিলাম। সেটা পেরেছি। তবে মুক্তির দিক থেকে ‘জ্বীন’ প্রথম স্থানে। এবারের ঈদে খুব ভালো চলেছে সিনেমাটি। আমার জন্য এটি উৎসাহের। ভৌতিক ও হরর গল্পগুলোর দর্শক অনেকে। নানা বয়স ও শ্রেণির দর্শক এ ছবিগুলো উপভোগ করে। শিশুরাও দেখতে পছন্দ করে। সে কারণেই জ্বীন খুব দর্শক টানছে এবার। আমার বিশ্বাস ডেঞ্জার জোন সিনেমাটিও ভালো করবে।

ডেঞ্জার জোন ছবিতে নায়ক হিসেবে দেখা দেবেন বাপ্পী চৌধুরী। তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা জলি। এই সিনেমা দিয়েই বাপ্পীর সঙ্গে জলি প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন। যদিও নায়িকা জলি এখন সিনেমায় নেই। বিয়ে করে সংসারী হয়েছেন। তবে পরিচালক জানান, সিনেমাটির প্রচারে তিনি সরব থাকবেন। ডেঞ্জার জোনে সক্রিয় থাকবেন নায়ক বাপ্পীও। ছবিটি নিয়ে বরাবরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তার প্রত্যাশা এ সিনেমাটি আসছে ঈদে ভালো করবে। তার ভাষ্য, ‘অনেক পরিশ্রম করে ডেঞ্জার জোন ছবিতে অভিনয় করেছি। এটি পূর্ণাঙ্গ একটা হরর মুভি। ছবিটির জন্য আমরা কতটা সময় কষ্ট করেছি আশা করি সেটা দর্শক হলে গিয়েই বুঝতে পারবেন।’

এই ছবিতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করেছেন সীমান্ত আহমেদ, এসকে মেহরিমা, তারেক আজিজ, ডিজে সোহেল, নেহা, রাজু সরকার, শামীম অলঙ্কার চৌধুরী, এইচকে স্বাধীন, পাপ্পু প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা