প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৩ ১২:১৬ পিএম
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। আগামী ১২ ও ১৩ মে দুই দিনব্যাপী চলবে এই উৎসব। এটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদের পক্ষে নির্বাহী সভাপতি আমিনা আহমেদ ও সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রবীন্দ্রনাথ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। সেই সঙ্গে রবীন্দ্রসংগীতের আবেদনও চিরন্তন। আমাদের দেশে বাঙালি জাতির স্বাধিকার, বিশেষত স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্রসংগীত আমাদের প্রেরণার উৎস ছিল। রবীন্দ্রনাথের গান আবহমান কালের বাঙালি সংস্কৃতির মূলধারাকে বিকশিত ও সমৃদ্ধ করেছে। রবীন্দ্রসংগীত হয়ে উঠেছে আমাদের জাতীয় সংস্কৃতি বিকাশের অবলম্বন। সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে অনুশীলন ও লালনের মাধ্যমে আমাদের হাজার বছরের সংস্কৃতির ধারাকে আরও বেগবান ও বিকশিত করে তুলতে হবে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সে ক্ষেত্রে আমাদের প্রধান অবলম্বন রবীন্দ্রনাথ ঠাকুর।
৮ মে ২৫ বৈশাখ, আসন্ন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ‘চতুস্ত্রিংশ (৩৪তম) জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’ আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনকে ঘিরে আগামী ৫ মে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো হবে।