× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ বছর পর নিরো-ডিক্যাপ্রিও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৩:০৬ পিএম

৩০ বছর পর নিরো-ডিক্যাপ্রিও

আমেরিকান সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী জুটি নির্মাতা মার্টিন স্করসেসি ও অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। গত ২৫ বছরে এই জুটি হলিউড ইন্ডাস্ট্রিকে ছয়টি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এবার এই জুটির সপ্তম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তবে মুক্তির আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়েছে। সিনেমার নাম ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। 

মার্টিন স্করসেসির পরিচালনায় এ নিয়ে সপ্তমবার অভিনয় করলেন ডিক্যাপ্রিও। এর আগে এই জুটির সিনেমাগুলো হলো ‘গ্যাংস অব নিউইয়র্ক’ (২০০২), ‘দ্য এভিয়েটর’(২০০৪), ‘দ্য ডিপার্টেড’(২০০৬), ‘শাটার আইল্যান্ড’(২০১০), ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’(২০১৩)। এ ছাড়া স্করসেসির পরিচালনায় ‘দ্য অডিশন’(২০১৫) নামের একটি শর্টফিল্মে দেখা গেছে ডিক্যাপ্রিওকে।

তবে এই সিনেমার বড় চমকটি হলো ৩০ বছর পর একসঙ্গে অভিনয় করলেন অভিনেতা রবার্ট ডি নিরো ও লিওনার্দো ডিক্যাপ্রিও। এর আগে লিওনার্দো যখন সবে ক্যারিয়ার শুরু করেন সেই ১৯৯৩ সালে অভিনয় করেছিলেন হলিউড কিংবদন্তি নিরোর সঙ্গে। ‘দিস বয়’জ লাইফ’নামের সেই সিনেমায় দুজনের অভিনয় আজও সবার মনে দাগ কেটে আছে। সেখানে টবি নামের এক কিশোরের চরিত্রে অভিনয় করেছিলেন লিওনার্দো। তার মায়ের চরিত্রে ছিলেন অ্যালেন বার্কিন। সিনেমাটি নির্মাণ করেছেন মিশেল ক্যাটন-জোনস।

৩০ বছর পর আবারও দুই অভিনেতা ফিরছেন ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমা দিয়ে। এটি আগামী ২০ মে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আসরের উদ্বোধনী দিন প্রদর্শিত হবে। সেখানে ডিক্যাপ্রিও, ডি নিরো এবং স্করসেসি ছাড়াও লালগালিচায় সিনেমাটির অন্য অভিনয়শিল্পীরাও থাকবেন। তাদের মধ্যে জেসি প্লেমন্স, অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, কারা জেড মায়ার্স, জেনাই কলিন্স, জিলিয়ান ডিওন ও টেন্টু কার্ডিনাল উল্লেখযোগ্য।

আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের জনপ্রিয় গ্রন্থ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মার্টিন স্করসেসি ও এরিক রোথ। ১৯২০ শতকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে তুলে ধরা হয়েছে ধনকুবের ওসেজ জাতির সদস্যদের নৃশংসভাবে খুনের ঘটনা। সেই ঘটনা ‘সন্ত্রাসের রাজত্ব’হিসেবে পরিচিত ছিল। তারকাবহুল এই সিনেমার বাজেট ২০০ মিলিয়ন মার্কিন ডলার। 

অ্যাপল অরিজিনাল ফিল্মসের প্রযোজনায় ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’আগামী ৬ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে সিনেমাটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা