× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দর্শক সাড়ায় আমি আনন্দিত : ঐশী

মৌসুম আহমেদ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১২:৩৮ পিএম

দর্শক সাড়ায় আমি আনন্দিত : ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতে আলোচনায় আসেন ঐশী। ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক। জয় করেছেন দেশের অগণিত দর্শকের মন। এর পর মিশন এক্সট্রিম টু, রাতজাগা ফুল সিনেমাতেও দেখিয়েছেন তার অভিনয় দক্ষতা। রোজার ঈদে মুক্তি পেয়েছে ঐশী অভিনীত ‘আদম’। তাই এবারের ঈদ ঐশীর জন্য বেশ স্পেশালই ছিল। ঐশী এবারের রঙিন ঈদ, আদম, সাম্প্রতিক কাজের ব্যস্ততা ও জানা-অজানা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। লিখেছেন মৌসুম আহমেদ....

ঈদ কেমন কাটল? 

এবারের ঈদটা অন্যান্যবারের ঈদের তুলনায় ব্যতিক্রম ছিল। ‘আদম’ সিনেমাটি মুক্তি পেয়েছে। অনেক চাপ ছিল, আনন্দের চাপা উত্তেজনা ছিল। সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত ছিলাম। সিনেমাটি মুক্তির পর ঈদটা রঙিন মনে হয়েছে। ঈদের দিনই হল ভিজিটে যেতে হয়েছে। যখন দেখলাম সিনেমা হল হাউসফুল, তখন মন ভরে গেছে। ঈদের আনন্দ দিগুণ হয়েছে।

আদম মুক্তির দ্বিতীয় সপ্তাহ চলছে। সবকিছু মিলিয়ে সাড়া কেমন পেলেন?

খুবই ভালো। এখন পর্যন্ত যতগুলো সিনেপ্লেক্সে ভিজিট করেছি, সবগুলোতেই হাউসফুল শো ছিল। টিকিট একদমই শেষ হয়ে গিয়েছিল। এ ব্যাপারটা বেশ স্বস্তি দিয়েছে আমাকে। দর্শকদের এমন সাড়া পেয়ে আমি আনন্দিত। দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি সিনেপ্লেক্সসহ কিছু হলে চলছে। এবার ঈদে সিনেমার একটা মজবুত প্রতিযোগিতা ছিল। ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। সেসবের ভিড়ে আমেজ ও ধরন অনুযায়ী ‘আদম’ যে সাড়া ফেলেছে আমি তাতে খুশি। আমি মনে করি সিনেমাটি আরও ভালো চলবে সামনের দিনগুলোতে।

দর্শক প্রতিক্রিয়া সামনে থেকে দেখেছেন হলে গিয়ে। অনুভূতি কেমন? 

এটা ভাষায় প্রকাশ করতে পারব না। তাদের চোখেমুখে বেশ আনন্দ আর উচ্ছ্বাস ছিল। একটি ভালো সিনেমা দেখার তৃপ্তি ছিল। অনেকেই সিনেমার গল্পটির প্রশংসা করেছেন। আমার চরিত্রটির প্রশংসা করেছেন। এগুলোই আমার কাছে প্রেরণা।

আদম সিনেমার শুটিং করতে গিয়ে কোনো বিশেষ স্মৃতি বা মজার ঘটনা আছে কি? 

সত্যি বলতে আদম সিনেমার শুটিংয়ের প্রসেসটাই বেশ আনন্দের ছিল, মজার ছিল। আমার মনে আছে, আমি বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম একটি দৃশ্যের জন্য। হাতও কেটে গিয়েছিল। একবার দৌড় দিতে গিয়ে হাতের কনুই ও হাঁটু ছিলে গিয়েছিল। দারুণ চ্যালেঞ্জিং ছিল। তবে শটগুলো শেষ করার পর বেশ শান্তি অনুভব করেছিলাম। পরিচালক আবু তাওহীদ হিরণ ভাই প্রশংসা করেছেন বারবার। এগুলো সবই ছিল ভালো কাজের প্রচেষ্টা। 

আদম সিনেমায় আপনার চরিত্রটি প্রান্তিক জনগোষ্ঠীর একজন নারীর। এ চরিত্রের প্রস্তুতি কেমন ছিল?

নিজেকে তৈরি করতে সময় লেগেছে। প্রতিদিনই নিজেকে সময় দিয়েছি, প্রতিদিনই একটু একটু করে স্টাডি করেছি, বডি ল্যাঙ্গুয়েজগুলো প্র্যাকটিস করেছি। কীভাবে আমার ক্যারেক্টারটিকে আরও প্রাণবন্ত করা যায়, সেই চেষ্টা চালিয়ে গেছি। পরিচালক থেকে শুরু করে সবাই সহযোগিতা করেছেন। একটা ভালো টিম থাকলে কাজটা খুব সহজ হয়ে যায়। ‘আদম’ সিনেমার টিম তেমনই ছিল।

নিজেকে চরিত্রের জন্য তৈরি করা এবং চরিত্রটি পর্দায় দেখার পর আপনার সন্তুষ্টি কতটুকু?

আমি বলব, এই ছবিটি করতে গিয়ে অনেক কিছুই শিখেছি। ভবিষ্যতে আরও অনেক কিছু শেখার আছে। তবে দর্শকরা বলতে পারবে আমাকে তারা কতটুকু আবিষ্কার করতে পেরেছে। নিজের কাজ নিয়ে নিজের সন্তুষ্টি কমই আসে। আরও ভালো করার তাগিদ তৈরি হয়। মনে হয় আরও সময় দিতে পারতাম। শটগুলো আরও অন্যরকম হতে পারত। তবে সেন্সর বোর্ডের সদস্য থেকে শুরু করে ইন্ডাস্ট্রির শিল্পী-কুশলী ও দর্শকের প্রশংসা পেয়ে মনে হয়েছে, ভালো কিছু করার চেষ্টাটা বৃথা যায়নি।

এবার অন্য প্রসঙ্গে আসি। নিজের লাইফস্টাইল কীভাবে মেইনটেইন করেন? 

আমার লাইফস্টাইল অনেক সিম্পল। ডিপেন্ড করে ওইদিন আমার রুটিন কি? যদি আমার কাজ থাকে তখন এক রকম, যখন ক্লাস থাকে তখন আরেক রকম। সত্যি বলতে আর দশটা সাধারণ মানুষের মতোই আমার জীবনযাপন। তবে আমি ঘুমাতে অনেক ভালোবাসি। খেতে ভালোবাসি। 

ওটিটিতে কাজের কোনো পরিকল্পনা চলছে? 

আমার তেমন কোনো পরিকল্পনা নেই। আমার কাছে অভিনয়টাই মুখ্যÑ সেটা যেখানেই হোক। আমি কিছু ভালো কাজ দিয়ে মানুষের ভালোবাসায় থাকতে চাই। যদি ওটিটির জন্য তেমন কাজের প্রস্তাব আসে, তবে অবশ্যই অভিনয় করব।

নাটকে কাজ করেন না আপনি। কেন?

নাটক নিয়ে কখনও পরিকল্পনা করা হয়নি। যখন শোবিজে পা রাখলাম মডেলিং ও ‍সিনেমাতেই জড়িয়ে গেলাম। ক্যারিয়ারের শুরুর দিকে দু-একটি প্রস্তাব ছিল নাটকের। সেগুলো করা হয়নি। তার পর সত্যি কথা বলতে প্রস্তাবও আসেনি। আমিও ভাবিনি। সিনেমার প্রস্তাবই বেশি আসে।

সামনে আর কি কি কাজ আসছে? 

সামনে ইনশাআল্লাহ ‘নূর’ সিনেমাটি মুক্তি পাবে। খুব ভালো একটি সিনেমা। রায়হান রাফি ভাই পরিচালনা করেছেন। আরিফিন শুভ ভাই আছেন হিরো হিসেবে। গল্প, চরিত্রদের বিন্যাস ও নির্মাণে বলা যায় উপভোগ্য একটি সিনেমা হবে ‘নূর’। খুব শিগগিরই মুক্তির ঘোষণা আসবে। রোমান্টিক সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। এ ছাড়া আর কিছু কাজের ব্যাপারে কথা চলছে। দ্রুতই আপডেট দিতে পারব।

এবার বলুন, বিয়ে কবে করছেন?

হা হা হা... সত্যিই আমি জানি না। কারণ আমার মনে হয় না বিয়ের জন্য যে ম্যাচুরিটিটা দরকার, সেটা এখনও এসেছে আমার মধ্যে। এ বিষয়গুলোর সিদ্ধান্ত পরিবার নেবে। আমি কাজ ও পড়াশোনা নিয়ে থাকতে চাই আপাতত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা