প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৬:১৩ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৬:২৯ পিএম
নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। কেননা নৃত্য ও এর ভাষা কাজ করে একসূত্রে। আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। সারা বিশ্বে প্রতিবছরের ২৯ এপ্রিল নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। ফরাসি নৃত্যশিল্পী তথা আধুনিক ব্যালের রূপকার জাঁ-জর্জেস নভেরের জন্মদিনে ইউনেস্কোর ‘পারফর্মিং আর্টস’-এর প্রধান সহযোগী আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) এর নৃত্য কমিটির উদ্যোগে প্রতিবছর ২৯ এপ্রিল এই দিনটি পালন করা হয়।
আইটিআই ও ইন্টারন্যাশনাল ড্যান্স কমিটি ১৯৮২ সালে প্রথমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালন শুরু করে। বাংলাদেশেও প্রতিবছর আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে থাকে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও অন্যান্য নৃত্য সংগঠন।
এ বছর অর্থাৎ ২০২৩ সালের আন্তর্জাতিক নৃত্য দিবসের ‘বাণী’ রচনা করেছেন চীনের নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ইয়াং লিপিং। তার বাণীটির মর্মার্থ- আমার নিজস্ব জগতে নৃত্য সেই শৈশবকাল থেকেই আমাদের জীবন ও অস্তিত্বে জটিলভাবে মিলেমিশে আছে। এটা মানব জীবনের সঙ্গে প্রকৃতি ও সকল জীবিত প্রাণীর মধ্যে যোগাযোগের এক চাবিকাঠি।
প্রথিতযশা নৃত্যশিল্পী, নৃত্যনন্দনের পরিচালক শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্বের প্রতিটি নৃত্যশিল্পীদের জন্য এ দিবসটি খুবই তাৎপর্যপূর্ণ। এ দিবসটির মধ্যদিয়ে আমার মনে হয়, সব নৃত্যশিল্পীরাই একইসূত্রে গাঁথা। আন্তর্জাতিক নৃত্য দিবস তাই সব নৃত্যশিল্পীদের এক যোগসূত্র।