× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনল ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৮ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪১ পিএম

পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনল ‘অপারেশন সুন্দরবন’

বিশ্ব চলচ্চিত্রে হাতে আঁকা সিনেমার পোস্টারের একটা সময় বেশ কদর ছিল। রঙ-তুলিতে আঁকা সিনেমার পোস্টারের বাংলাদেশেও প্রচলন ছিল। তবে বর্তমানে প্রযুক্তির দৌরাত্ম্যে এই শিল্প প্রায় বিলুপ্তির পথে। 

তবে বাংলা চলচ্চিত্রে সেই বিলুপ্তপ্রায় শিল্প আবারও ফিরিয়ে এনেছে আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ সূত্রে। এর মধ্যে বড় আয়োজনে তৈরি হচ্ছে ছবিটির হাতে আঁকা পোস্টার ও ব্যানার। ছবির প্রযোজনা সংশ্লিষ্টরা বলছেন, বাংলা সিনেমার সোনালি যুগে যাদের তুলির স্পর্শে পোস্টার আঁকা হতো, সেই শিল্পীদের খুঁজে বের করা হয়েছে। বিদেশ কুমার ধর নামের একজন জ্যেষ্ঠ শিল্পীর নেতৃত্বে তৈরি হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার নতুন পোস্টার-ব্যানার। যার হাত ধরে স্বাধীনতার আগে থেকেই প্রথমে কিছু উর্দু, পরে বাংলা সিনেমার সিংহভাগ পোস্টার আঁকা হয়েছিল। 

‘অপারেশন সুন্দরবন’-এর পরিচালক দীপংকর দীপন বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘কালের বিবর্তনে অনেক কিছুর পাশাপাশি সিনেমার এই শৈল্পিক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। ডিজিটাল সুবিধার চাপে সেটিকে পুরোপুরি ফিরিয়ে আনতে না পারলেও, এই শিল্পীদের আমরা স্মরণ করতে চেয়েছি। আমাদের প্রত্যাশা, আগামীর সিনেমাগুলোতে যদি একটি করে পোস্টারও তাদের হাতে তৈরি করা হয়, তাহলে এই মানুষগুলো যেমন বাঁচবেন, আবার এই শিল্পটাও টিকে থাকবে।’

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই পরিচালক আরও জানান, জাপানে এখনও ট্যুরিস্টদের জন্য বিভিন্ন থিয়েটারে বড় অঙ্কের সম্মানী দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় এই ঐতিহ্য ধরে রাখার ব্যবস্থা রাখা হয়েছে। 

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘অপারেশন সুন্দরবন' নির্মাণের উদ্যোগ নিয়েছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি। র‍্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‌‘আগে এই পেশাটি অনেক লুকরেটিভ ছিল। এসব শিল্পীর পেছনে মানুষ ঘুরে বেড়াত। নান্দনিক এসব পোস্টার দিয়ে আগে সিনেমার প্রচারণা হতো। এসব পোস্টার এতটাই নজর কাড়ত যে, দর্শক সিনেমা হলে আসতে বাধ্য হতো। কিন্তু ২০১০ সালের পর থেকে এভাবে হাতে আঁকা পোস্টার আর দেখা যায়নি। সেই ভাবনা থেকে আমাদের এই উদ্যোগ।’ 

তিনি জানান, হাতে আঁকা পোস্টারের এই ঐতিহ্যকে আবার সামনে আনার চেষ্টা করছে র‍্যাব। স্যুভিনির হিসেবে হাতে আঁকা পোস্টার তৈরি হচ্ছে, যা প্রকাশ্যে আসবে শিগগিরই। 

১৯৬১ সাল থেকে দেয়াল-পোস্টার আঁকার মাধ্যমে জীবন শুরু করেন বিদেশ কুমার ধর। তিনি জানান, ১৯৬৫ সালে তিনিই প্রথম উর্দু সিনেমার ব্যানার নিজ হাতে আঁকেন। তার বানানো প্রথম বাংলা ছবির রঙিন ব্যানার ছিল ‌‘গুনাইবিবি’। তার আঁকা প্রথম উর্দু সিনেমার পোস্টার ছিল ‘পূনম কিরান’। বিদেশ বলেন, ‘স্বাধীনতার পর ষাট শতাংশ সিনেমার হাতে আঁকা পোস্টার আমারই আঁকা।’ 

বিদেশ কুমার ধর বলেন, ‌‘র‍্যাব আমাদের খুঁজে বের করে যে সম্মান দিয়েছে, এটা আজ পর্যন্ত কেউ দেয়নি। তারা জানতে চেয়েছে কেন সরে গিয়েছি, কোথায় আছি, কেন আমাদের মতো শিল্পীদের মূল্যায়ন নেই। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকলে যে চিকিৎসা দেওয়া হয় র‍্যাব আমাদের শেষ সময়ে পাশে এসে তেমনভাবে সেবা দিয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা মিলিয়ে আধুনিক ও ঐতিহ্যের মিশেলে এই ছবির পোস্টার বানানোর চেষ্টা করছি।’ 

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. প্রযোজিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। পরিচালক দীপংকর দীপন বলেন, ‘এটি পুরোপুরি মূল ধারার সিনেমা। এখানে অ্যাকশন, সাসপেন্স, আবেগ, প্রেম-গান সব আছে। গণমানুষকে কানেক্ট করার সিনেমা এটি। সেই সঙ্গে ক্লাস পিপল যেন পছন্দ করে সেই চেষ্টাও ছিল।’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, সামিনা বাশার, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, এহসানুর রহমান, তানজিল তুহিন প্রমুখ।

ছবিটি আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।

প্রবা/এসএস/এমজে 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা