× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ার এমি জয়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৩ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৪ পিএম

দক্ষিণ কোরিয়ার এমি জয়

এশিয়ানদের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টিভি সিরিজের উৎসব এমি অ্যাওয়ার্ডস জয় অনেকটা স্বপ্নের মতো। কারণ কোনো এশিয়ান অভিনেতা এর আগে এই পুরস্কার জয় করতে পারেননি। এমন অধরা অর্জনকে এবার সম্ভব করলেন দক্ষিণ কোরিয়ান অভিনেতা লি জাং জে। প্রথমবারের মতো এমির মঞ্চে ‘স্কুইড গেম’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে এশিয়ানদের দীর্ঘদিনের এক আক্ষেপ মুছে দিলেন তিনি। 

গত ১২ সেপ্টেম্বর ৭৪তম এমি পুরস্কার নিতে যখন মঞ্চে উঠলেন, তখন মুখে লেগে ছিল বিশ্বজয়ের আনন্দ। তবে এই আনন্দ যে শুধু লি জাং জের উদযাপনের মধ্যে সামীবদ্ধ ছিল এমনটা নয়, বরং তা ছিল আমেরিকানদের ভ্র কুঁচকানো চাহনিকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার বার্তা। 

‘স্কুইড গেম’ যখন চলতি বছর এমির আসরে মনোনয়ন পেয়েছিল, অনেকেই সন্দেহ করেছিল আমেরিকান সিরিজের দাপটে এই সিরিজটি কতটা পুরস্কারের মঞ্চ আলোকিত করতে পারে। খোদ আমেরিকান অনেক সমালোচকই বিষয়টি নিয়ে সন্দিহান ছিলেন। কারণ এর আগে এমির মঞ্চে কখনও এশিয়ান কোনো অভিনেতা-অভিনেত্রী সাফল্যের ছাপ রাখতে পারেননি। তবে লি জাং জে এবার সত্যিই সবাইকে চুপ করিয়ে দিলেন। নিশ্চতভাবেই বলা যায়, এশিয়ান সিরিজগুলোর কন্টেন্ট কিংবা অভিনয়শৈলী কোনো অংশে যে পাশ্চাত্যের চেয়ে পিছিয়ে নেই, তার উদাহরণ সৃষ্টি করলেন লি জাং জে। 

গত বছর ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছিল লি জাং জে অভিনীত ‘স্কুইড গেম’। চার দিনের মধ্যে তা নেটফ্লিক্স গ্লোবাল ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে পৌঁছে যায়। ব্লুমবার্গ নিউজের বক্তব্য, ‘স্কুইড গেম’ থেকে নেটফ্লিক্সের লাভের পরিমাণ ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। এই ওয়েব সিরিজটি দেখেছে প্রায় ৯০০ কোটি লোক। ‘স্কুইড গেম’-এর বিষয়বস্তু পুঁজিবাদী সমাজব্যবস্থার চিত্রই যেন ফুটিয়ে তুলেছে। এক দল মানুষ, যারা অর্থনৈতিকভাবে বিপন্ন, নাম লিখিয়েছে এক প্রাণঘাতী খেলায়। হারাধনের দশটি ছেলের মতো টপাটপ মরার খেলায় বাঁচবে শুধু একজন। আর সেই জিতবে জ্যাকপট। এই একই ফর্মুলায় হলিউডে হয়েছে ‘হাঙ্গার গেমস’, ‘ডেথ রেস’ বা ‘মেজ রানার’। ষাটের দশকে বলিউডে হলিউডি তারকার সমাবেশে হয়েছিল ‘শালিমার’। দুনিয়ার তাবৎ চোর সে ছবিতে এক হয়ে মেতে উঠেছিল হিরে চুরির মারাত্মক খেলায়। 

তাই বিষয়বস্তুর মৌলিকত্ব নয়, গল্প বলার ধরন বা ন্যারেটিভের অভিনবত্ব ‘স্কুইড গেম’-কে জনপ্রিয় করেছে। 

পুতুলের চোখ থেকে আলো বেরোচ্ছে আর সেই ইশারায় মরছে একেকটা প্রাণ। আপাত ছেলেখেলা, হঠাৎ ঠাট্টার মধ্যে লুকিয়ে থাকা নারকীয় সত্য, গল্প বলার এই ‘হঠাৎ কোথা থেকে কী হইয়া গেল’-এর স্বাদ ‘স্কুইড গেম’-কে দিয়েছে এক অদ্ভুত সাফল্য। তার সঙ্গে জুড়েছে কোভিড নামের এক হঠাৎ অসুখ, যা আমাদের নাগরদোলায় দুলিয়ে ছেড়ে দিল। আমরা দেখলাম, আশপাশের চেনা-জানা নাম একে একে হারিয়ে যাচ্ছে। চাকরি চলে যাচ্ছে, সম্পর্ক ভাঙছে, মানুষ মরছে; এসবই একসঙ্গে, প্রায় ইনস্ট্যান্ট কফি বা স্পিড ডেটিংয়ের মতো হতে পারে, তার জন্য বোধহয় তৈরি ছিলাম না আমরা। এসবের ছায়া যখন কোনো কনটেন্টে পড়ে, তখন তা মানুষের মনকে ছুঁতে বাধ্য। ‘স্কুইড গেম’ তাই শুধু একটা কনটেন্ট নয়, গোটা বিশ্বের কাছে তাৎপর্যপূর্ণ ঘটনা। 

লি জাং জে গত এক দশক ধরেই দক্ষিণ কোরিয়ায় ভীষণ জনপ্রিয়। তবে এমি জয়ের পর যে তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী, তা বলাই বাহুল্য। তার পথ ধরে, এমির মঞ্চ এশিয়ানরা আরও বেশি আলোকিত করবেন, এটিই প্রত্যাশা।


প্রবা/এসএস/এলএ/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা