প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৩:০৭ পিএম
বলিউড তারকাদের নিয়ে ভক্তদের উচ্ছ্বাস সব সময় বেশি। তাদের কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনে কখন কি করছেন তা জানতে সব সময় মুখিয়ে থাকেন ভক্তরা। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে তারকাদের আপডেট অবশ্য সঙ্গে সঙ্গেই পেয়ে যান অনুরাগীরা। তাই তারকাদের ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইক-ফলো দিয়ে থাকেন ভক্তরা।
তবে বর্তমানে লাইক কিংবা ফলো দিয়ে তারকাদের জনপ্রিয়তা মাপার একটা প্রথা চালু হয়েছে সাম্প্রতিক সময়ে। এরই মধ্যে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যার বিচারে ৮০ মিলিয়নের গণ্ডি অতিক্রম করেছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন, কী বিপুলসংখ্যক ভক্ত রয়েছে তার।
কিছুদিন আগে শ্রদ্ধা কাপুর জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুরের সঙ্গে। প্রথমবার এই দুই কাপুরের অভিনীত সিনেমা ‘তু ঝটি মে মাক্কার’ বেশ সাড়া ফেলেছে ভক্তদের মনে। ছবিটি শুধু দর্শক সাড়া পায়নি, পাশাপাশি এটি হয়েছে চলতি বছরের বলিউডের অন্যতম হিট সিনেমার তকমা। বক্স-অফিস থেকে সিনেমাটি তুলে নিয়েছে প্রায় ২২০ কোটি রুপি।
এই সিনেমার সাফল্যে এখন দারুণ উচ্ছ্বসিত শ্রদ্ধা। কারণ অনেকেই তাকে নিয়ে বিভিন্ন সময় সমালোচনা করে বলতেন, নেপোটিজমের কারণে শ্রদ্ধা বলিউডে টিকে রয়েছেন। অভিনেতা রণবীর কাপুরের ক্ষেত্রেও অনেকে একই কথা বলতেন। সে জন্য রণবীর কাপুরের সঙ্গে এতদিন অভিনয় করেননি শ্রদ্ধা। তবে দীর্ঘদিন পর দুজনের অভিনীত সিনেমাটি দিয়ে যে অনেককেই তারা ভুল প্রমাণ করালেন, তা সিনেমাটির আয়ের পরিমাণই প্রমাণ। তবে শুধু এই সিনেমাই নয়। এখন পর্যন্ত প্রত্যেকটি সিনেমায় শ্রদ্ধা রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর।
এদিকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা কাপুর সম্প্রতি একটি মজার ঘটনার মুখোমুখি হয়েছিলেন। এক ভক্ত বিগত চার বছর ধরে নিয়মিত এ অভিনেত্রীর ছবিতে কমেন্ট করে আসছেন। চার বছর ধরে আশায় বুক বেঁধে আছেন কখন তার প্রিয় নায়িকা কিছু মন্তব্য করবেন। আচমকাই সেই পাগল ভক্তকে চমকে দিয়েছেন শক্তি কাপুর-কন্যা। চার বছরের নীরবতা কাটিয়ে ভক্তের কমেন্টের তলায় অভিনেত্রী কমেন্ট করে বসেছেন। আর তাতেই খুশিতে বাঁধ ভেঙেছে ওই ভক্তের। শ্রদ্ধার কাছ থেকে আশা কমেন্ট ভিডিও করে ভক্ত আবার পোস্ট করেছেন। আর তার পরই আনন্দে আটখানা সেই ভক্ত। কারণ তার ভিডিও দেখে আবার কমেন্ট করেছেন শ্রদ্ধা।
তাকে ভক্ত লিখেছেন, ‘আমি জীবনে জিতে গিয়েছি, ধন্যবাদ শ্রদ্ধা কাপুরকে উত্তর দেওয়ার জন্য।’ ভক্ত আরও লিখেছেন, ‘আশিকি ২ ছবিটি আসার পর থেকে আমার সেলিব্রেটি ক্রাশ কখনও পরিবর্তন হয়নি। অবশেষে আমি উত্তর পেলাম। আমার বন্ধুরাও আমার জন্য যথেষ্ট খুশি। আমার দিন-মাস-বছর সব তৈরি করে দিয়েছেন আপনি।’
প্রসঙ্গত, ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে প্রায় ১.৭ লাখ ভিউ পেয়েছে। সংখ্যাটি ক্রমশই বেড়ে চলেছে। প্রতিক্রিয়া জানাতে অনেকে লিখেছেন, ‘ কেয়া বাত হায় ভাই’। অন্য একজন লিখেছেন, আমার বুঝতে অসুবিধা হচ্ছে না মনের প্রতিক্রিয়া কি হতে পারে, যখন নিজের সেলিব্রিটি ক্রাশ এইভাবে পোস্টের উত্তর দেয়।