প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১২:২১ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৩:০৮ পিএম
গত বছরই মদের ব্যবসা শুরু করেছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।সোমবার ঘোষণা করলেন নামছেন পোশাকের ব্যবসায়। সেদিন তার ক্লোদিং ব্র্যান্ডের এক ঝলক শেয়ার করে নিলেন তিনি, যার বিজ্ঞাপনে দেখা মিলবে খোদ শাহরুখ খানের। ‘D'Yavol’ নামে এ ব্র্যান্ডটি নিজেকে ঘোষণা করল ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড হিসেবে। জেন জেডের কাছে নতুন সেনসেশন হবে বলেই ধারণা।
ছোট একটি টিজার শেয়ার করে নিয়েছেন আরিয়ান ইনস্টায়। যেখানে ব্ল্যাকবোর্ডে শাহরুখের হাত দেখা যায় যা ‘টাইমলেস’ কথাটা কেটে দিচ্ছে। এরপর হাত থেকে একটি রঙ মাখানো ব্রাশ পড়ে যায় মেঝেতে। যা তুলে নেন শাহরুখ। তারপর আসে মুখের খানিক অংশ।
ক্যাপশনে আরিয়ান লিখলেন, ‘এক্সক্লুসিভ কনটেন্ট পেতে ফলো করুন @dyavol.x।’ অর্থাৎ শাহরুখকে নিয়ে পুরো বিজ্ঞাপনটি দেখা যাবে আজ (মঙ্গলবার)। আরিয়ান খান ব্র্যান্ডটির সহ-মালিক। তিনি লেটি ব্লাগোয়েভা এবং বান্টি সিংয়ের সঙ্গে এ ব্যবসার অংশীদারি করেছেন, যাদের সঙ্গে তিনি ইতোমধ্যে একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করেছেন।
প্রসঙ্গত, ২০২১ সালে মাদক মামলায় নাম জড়ায় আরিয়ান খানের। সে সময় এক মাসের মতো হাজতবাসও হয় শাহরুখপুত্রের। সে সময় শাহরুখের ছেলেকে নিয়ে কটাক্ষে মেতেছিল দেশের বড় একটা অংশ। যদিও পরে এনসিবির পক্ষ থেকে মাদক মামলা থেকে রেহাই পান আরিয়ান। যথাযথ প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস ঘোষণা করে এনসিবি। এরপর তিনি নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন বেশ কিছু মাস। সোশ্যাল মিডিয়া থেকে নিজের ডিপিও মুছে ফেলেছিলেন। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন আরিয়ান বর্তমানে।
গত বছর বোন সুহানার সঙ্গে অংশ নিয়েছিলেন আইপিএলের নিলামে। এরপর প্রিমিয়াম ভদকার ব্র্যান্ড চালু করার ঘোষণা করেন। যার পর নিজের বলি ডেবিউরও খবর দেন। বাবা বা বোন সুহানার মতো ক্যামেরার সামনে নন, আরিয়ান কাজ করবেন পরিচালক হিসেবে। খুব সম্ভবত নেটফ্লিক্সের জন্যই সিনেমা বানাবেন তিনি। যা প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ প্রোডাকশন। মাসখানেক আগে একটি স্ক্রিপ্টের ছবি শেয়ার করে আরিয়ান লিখেছিলেন, ‘অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না…।’