প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৮:০১ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৮:১৫ পিএম
বাঙালির কাছে আবেগের আরেক নাম অরিজিৎ সিং। অরিজিৎ মানেই সুপারহিট গান, সাধারণ গানকেও অসাধারণ করে তোলেন অরিজিৎ। তার হাসিমুখ দেখলে প্রাণ জুড়িয়ে যায় অনুরাগীদের। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তার জনপ্রিয়তা তুঙ্গে। অরিজিতের গান শুনতে হাজার হাজার টাকা খরচ করতেও দ্বিধা করেন না ভক্তরা।
কম কথার মানুষ অরিজিৎ, গ্ল্যামারাস লাইফ মোটেও পছন্দ নয় তার। তাই তো মুম্বাই নয়, মুর্শিদাবাদের বাড়িই তার স্থায়ী ঠিকানা। ‘ফেম গুরুকুল’ দিয়ে শুরু হয়েছিল অরিজিতের যাত্রা। সে প্রায় দুই দশক আগের কথা। তারপর অনেক স্ট্রাগল করেছেন গায়ক, প্রীতমের সহকারী হিসেবে কাজ করেছেন স্টুডিওতে। সঙ্গে চালিয়ে গিয়েছেন গানের রেয়াজ। এমনিতে সারাক্ষণ হাসিমুখেই দেখা মেলে অরিজিতের, কিন্তু গায়ককে কখনও রাগতে দেখেছেন?
গান গাইতে গিয়ে মেজাজ হারিয়েছিলেন অরিজিৎ। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল গায়কের বহু বছর পুরোনো এক ভিডিও। সেখানে অল্প বয়সি অরিজিৎ-কে দেখা গেল ভরা মঞ্চে ‘নাদান পরিন্দে’ গাইছেন। অথচ গাইবার সময় স্ট্যান্ডে রাখা মাইকটি বারবার নড়ে যাচ্ছিল। এতেই রেগে আগুন গায়ক। চিৎকার করে ওঠেন তিনি। বলতে শোনা যায়, ‘কেউ এই মাইকটি ফিক্স করুন’। সঙ্গে একটি ‘অশ্লীল’ শব্দও প্রয়োগ করে বসেন অরিজিৎ। তা শুনে অনেকেরই চোখ কপালে।
অরিজিৎ ভক্তরা বিষয়টি খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন। মঞ্চে অনেকক্ষণ ধরে পারফর্ম করে বেশ ক্লান্ত ছিলেন অরিজিৎ, সেখানে বারবার ওই মাইকের জন্য সমস্যায় পড়তে হচ্ছিল তাকে। গানে মনোযোগ দিতে পারছিলেন না তিনি, রেগে যাওয়াটাই স্বাভাবিক, আর এমনটিই দাবি ভক্তদের।
মাটির মানুষ অরিজিৎ মাটিতে পা দিয়ে চলতেই ভালোবাসেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন আগের চেয়ে আরও পরিণত অরিজিৎ। মঞ্চে গান গাওয়ার সময় অনুরাগীদের আবদার সব সময়ই হাসিমুখে পূরণ করেন।