বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৭ পিএম
যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসাইন। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়ায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
পরিচালক জিয়াউল আলম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। জাহিদের মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করছেন শোবিজের অনেকেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুণী চিত্রগ্রাহককে শোক-শ্রদ্ধা জানিয়েছেন মেহজাবিন চৌধুরী, আফরান নিশোসহ ছোট পর্দার শিল্পী পরিচালক ও প্রযোজক কলাকুশলীরা।
জাহিদের সঙ্গে ভ্রমণসঙ্গী হিসেবে নাঈম ফুয়াদ নামে আরেকজন সিনেমাটোগ্রাফার ছিলেন। তিনি সুস্থ রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
জিয়াউল আলম জানান, চিত্রগ্রাহক জাহিদ হোসাইন বাইক চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। চকরিয়ার বানিয়াছড়া এলাকায় পৌঁছালে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
প্রসঙ্গত, জাহিদ হোসাইন শোবিজে কাজ করার পাশাপাশি একজন ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন। প্রায়ই তিনি দলবেঁধে মোটরসাইকেল নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়াতেন। বেশকিছু মোটরসাইকেল ভ্রমণকারী গ্রুপের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
প্রবা/এলএ /এসআর