× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিব খানের জন্য যত গান গেয়েছি সব হিট

মৌসুম আহমেদ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১২:৫৭ পিএম

শাকিব খানের জন্য যত গান গেয়েছি সব হিট

গানের জগতে প্রিয়মুখ ইমরান মাহমুদুল। একাধারে তিনি সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন। হাঁটি হাঁটি পা পা করে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হয়ে উঠেছেন। যদিও তার চলার পথটা এতটাও সহজ ছিল না। কিন্তু তার মেধা আর পরিশ্রম দিয়ে দীর্ঘ ১৫ বছরে অর্জন করেছেন অগণিত মানুষের ভালোবাসা। 


প্রতি উৎসবেই ইমরান তার ভক্তদের জন্য নিয়ে আসেন নতুন নতুন চমক। সেই ধারাবাহিকতায় এবার পহেলা বৈশাখ ও ঈদকে ঘিরে গানের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সেই ব্যস্ততার খবর জানালেন প্রতিদিনের বাংলাদেশকে। লিখেছেন মৌসুম আহমেদ...

সম্প্রতি দীঘির সঙ্গে জুটি বেঁধে ‘ চোখে চোখে’ শিরোনামের একটি গানের শুটিং শেষ করলেন। বিস্তারিত জানতে চাই...

‘চোখে চোখে’ দারুণ একটি কাজ হয়েছে। অভিজ্ঞতা খুবই ভালো। দীঘির সঙ্গে আমার এটিই প্রথম কাজ। দীঘি অনেক আন্তরিক এবং কাজে খুবই মনোযোগী। গানটি লিখেছেন পিযূষ এবং সুর ও সংগীত আমার করা। আনন্দের বিষয়, এই গান দিয়ে দীর্ঘদিন পর আবার বাঁধন সরকার পূজার সঙ্গে ডুয়েট গান করলাম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। ইনশাআল্লাহ ঈদের পর গানটি মুক্তি পাবে। আশা করছি দর্শক গানটি উপভোগ করবেন। 

‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় ‘সুরমা সুরমা’ গান আসতে চলেছে। এ গান নিয়ে প্রত্যাশা কি?

‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি বেশ চমৎকার হয়েছে। এটি নিশ্চয়ই একটি স্পেশাল গান হবে। তা ছাড়া এটি শাকিব খানের সিনেমার গান। আর শাকিব খান মানেই একটি বড় ধামাকা। শাকিব খানের জন্য যত গান গেয়েছি, সব হিট। সবগুলো গানই শ্রোতাদের কাছে প্রিয় হয়েছে। আশা করছি ‘সুরমা সুরমা’ গানটিও এবার মানুষের অনেক পছন্দ হবে। আমি তো মনে করছি, এবারের ঈদে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এই গান। গানটি লিখেছেন জাহিদ আকবর ভাই এবং সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। গানটি আমার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন কোনাল। সবার সঙ্গে নতুন এ গানের অভিজ্ঞতা দারুণ।

এবার ঈদে আর কী পরিকল্পনা আছে? 

ঈদের পরিকল্পনা বলতে গান নিয়েই যত ব্যস্ততা, যত পরিকল্পনা। ঈদে আমার আরেকটি গান প্রকাশের পরিকল্পনা ছিল। গানটির নাম ‘ওরে জান’। এই গানটিও ঈদের পরই মুক্তি পাবে। তা ছাড়া কিছু ছবির গানের কাজ হাতে আছে।

যারা নতুন সংগীতশিল্পী, তাদের জন্য কিছু বলবেন?

নতুন সংগীতশিল্পীদের জন্য আমার একটাই কথা গানটাও যেহেতু একটি গুরুমুখী বিদ্যা, এটা শিখেপড়েই আসা করা উচিত। যদিও এখন আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছি, অনেক ধরনের গান করছি। কিন্তু সবচেয়ে যে ব্যাপারটা বেশি জরুরি তা হলো বেসিক। এই বেসিক ব্যাপারটাই আমাদের বেশি অনুসরণ করতে হবে। আর যাই করি না কেন, সবসময় চর্চার মধ্যেই থাকতে হবে। 

নিজের গানগুলোর ভিডিওতে অভিনয় করেন আপনি। নিয়মিত অভিনয়ের ইচ্ছা আছে কি?

এই প্রশ্নটা প্রায়ই আমাকে শুনতে হয়। সত্যি বলতে আপাতত এই মুহূর্তে আমার অভিনয় করার কোনো ইচ্ছে নেই। আমি গানের মানুষ, গান নিয়ে থাকতে চাই। আমি মনে করি যে কোনো কিছুর জন্যই একটা পড়াশোনার প্রয়োজন আছে, অভিনয়টাও একটা গুরুমুখী বিদ্যা। কারণ এটা শিখতে হয়, জানতে হয়। যেহেতু এটার প্রতি আমার কোনো অভিজ্ঞতাই নেই, তাই এখন পর্যন্ত আমি এ বিষয়ে ইচ্ছুক না। কারণ গানটাকেই আমি ভালোবাসি। গানের প্রয়োজনে মিউজিক ভিডিওতে যতটুকু অভিনয়ের দরকার হয়, ততটুকুই করি।

এবার অন্য প্রসঙ্গে আসি, আপনি সবসময় ফিট। কীভাবে লাইফস্টাইল মেইন্টেইন করেন? 

সত্যিই বলতে আমার লাইফস্টাইল সেভাবে মেইন্টেইন করার সুযোগ হয়ে ওঠে না। আমি নিজের প্রতি খুব একটা যত্নবান না। সবাই যেভাবে মেইন্টেইন করে, আমিও সেভাবে মেইন্টেইন করি। এমন না যে আমি খুব বেশি ডায়েট করি। আমার যেটা ভালো লাগে, তখন সেটাই খাই। পুরোপুরি মেইন্টেইন করা হয় না, বলতে গেলে অনেকটা অগোছালোই আমি। 

আপনার প্রিয় ব্যক্তিত্ব? 

সত্যি বলতে নির্দিষ্টভাবে আমি প্রিয় ব্যক্তিত্বের বিষয়টি বোঝাতে চাই না। যে ব্যক্তির সবচেয়ে বেশি ভালো দিক বা গুণগুলো আমাকে বেশি টানে আমি তাকেই অনুসরণ করি। আল্লাহতায়ালা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন ভালো ও মন্দ মিলিয়ে। আমি মানুষের ভালো দিকটাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি। সেই চিন্তাভাবনা থেকে প্রত্যেকটি মানুষই আমার কাছে প্রিয় ব্যক্তি বা মানুষ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা