প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১২:৩৮ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১২:৩৮ পিএম
এবারের ঈদে মুক্তির মিছিলে এরই মধ্যে যোগ দিয়েছে ১০টিরও বেশি সিনেমা। সেই তালিকায় রয়েছে লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, জ্বীন, পাপ, প্রেম-প্রীতির বন্ধন, আদম, লাল শাড়ি। এসব সিনেমায় অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান-বুবলী, অনন্ত জলিল-বর্ষা, সজল-পূজা চেরী, রোশান-ববি, জয় চৌধুরী-অপু বিশ্বাস, ইয়াশ-ঐশী।
এদিকে ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত ডেট নিয়েছে ‘বাংলার হারকিউলিস’, ‘ময়নার শেষ কথা’ নামের দুটি সিনেমা। নতুন করে ঘোষণা এসেছে ‘ লোকাল’ সিনেমার। সাঈফ চন্দন পরিচালিত এ সিনেমায় চমক নিয়ে হাজির হবেন বুবলী।
এসব ছবির ভিড়ে শেষ পর্যন্ত ঈদে ক’টি সিনেমা মুক্তি পায়, সেটি নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। কারণ অতীতে একাধিক সিনেমা মুক্তির ঘোষণা এলেও শেষে সময়ে অনেকেই সরে গেছেন। এবারেও তেমন চিত্র দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে। সিনেমার তালিকা অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে আছে যেসব সিনেমা তার মধ্যে আলোচনায় আছে নতুন কিছু জুটি। এসব জুটিকে নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন হল মালিকরা। নতুন দিনের স্বপ্ন দেখছেন চলচ্চিত্রের মানুষরা।
সাইমন-অপু
আসছে রোজার ঈদে মুক্তি নিশ্চিত নয় ‘লাল শাড়ি’ সিনেমার। তবে ৪ এপ্রিল এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনেমাটির প্রযোজক অপু বিশ্বাস জানান, চূড়ান্তভাবে কিছু বলা না গেলেও সরকারি অনুদানের সিনেমাটি অপু ঈদেই মুক্তি দিতে চান। সেভাবেই প্রস্তুতি চলছে। যদি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ মুক্তি পায়, তবে এই ঈদের আলোচিত নতুন জুটির তালিকায় থাকবেন সাইমন সাদিক ও অপু বিশ্বাস। এ সিনেমা দিয়ে প্রথমবারের মতো জুটি হয়েছেন জনপ্রিয় এই দুই তারকা। দর্শক কতটা গ্রহণ করবে এ জুটিকে? জানতে চাওয়া হলে অপু বলেন, ‘আমি আশাবাদী আমাদের জুটি নিয়ে। দর্শক নতুনত্ব চায়। সে জায়গা থেকে সাইমন-অপু এবারের ঈদে নতুন স্বাদ দেবে।’
সাইমনও মনে করেন দর্শক অপুর সঙ্গে তার জুটির রসায়ন পছন্দ করবে। এরই মধ্যে সিনেমার গান দিয়ে সেই আভাস মিলেছে।
জয়-অপু
‘ প্রেম-প্রীতির বন্ধন’ একটি বাণিজ্যিক চলচ্চিত্র। সবকিছুই রয়েছে এই ছবিতে। এই ছবি দিয়ে প্রথমবারের মতো পর্দায় আসতে চলেছেন জয় চৌধুরী ও অপু বিশ্বাস জুটি। ছবির গল্প ও গানগুলো রোমান্টিক। জয়ের প্রত্যাশা, ‘আমার বিশ্বাসÑ অপু বিশ্বাস ও আমার জুটি এ ছবির মাধ্যমে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করবে।’ এ জুটি নিয়ে আশাবাদী অপু বিশ্বাসও। গত ৩১ মার্চ ‘ প্রেম-প্রীতির বন্ধন’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেই সঙ্গে অনেক প্রশংসাও কুড়িয়েছে। সিনেমাটি ঈদে মুক্তি উপলক্ষে এরই মধ্যে হল বুকিংও শুরু হয়েছে। এ ছাড়া শিল্পকলা একাডেমিতেও সিনেমাটি চালানো হবে।
সজল-পূজা
বলা চলে দুই প্রজন্মের দুই তারকা তারা। তবে ‘জ্বীন’ সিনেমা দিয়ে এক হয়েছেন। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় তারকা আব্দুন নূর সজল ও পূজা চেরি। আসছে ঈদে মুক্তি পাচ্ছে তাদের ‘জ্বীন’ সিনেমা। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে সিনেমাটির প্রথম গান। ‘ঢঙ্গি ছেলে’ শিরোনামের এ গানটি বেশ ভালোই মনে ধরেছে দুই তারকার ভক্তদের। সজল আশাবাদী পূজার সঙ্গে জুটি নিয়ে। তিনি বলেন, ‘পূজার সঙ্গে নায়ক হয়ে সিনেমায় আসাটা আমার জন্য বিশেষ। পূজা আমার চোখের সামনেই শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে উঠেছে। কিন্তু সে সিনেমায় একজন পাকা অভিনেত্রী এখন। খুব ভালো কাজ করে। আমরা বেশ মজা করে কাজ করেছি। আমার বিশ্বাস, দর্শকের মন ভরাবে আমাদের জুটি।’ পূজা বলেন, ‘সজল ভাই আমার প্রিয় অভিনেতাদের একজন। তার নায়িকা হব এমনটা ভাবিনি কখনও। ‘জ্বীন’ সিনেমা সেটা সত্যি করেছে। আশা করছি প্রথম গানের মতোই পুরো সিনেমাতে আমাদের উপভোগ করবেন দর্শক।
রোশান-আরিয়ানা
ঈদে মুক্তির আলোচনায় থাকা অন্যতম সিনেমা ‘পাপ’। সৈকত নাসির পরিচালনা করেছেন এ সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার এ সিনেমা দিয়ে রোশানের নায়িকা হয়ে আসছেন আরিয়ানা জামান। এটাই দুই তারকার জুটি হয়ে প্রথম সিনেমা। সিনেমাটিতে রোশানের বিপরীতে থাকবেন ববিও। তবে আরিয়ানার সঙ্গে রোশানের কেমিস্ট্রি দেখার অপেক্ষায় দর্শক। ‘হাবুডুবু’ নামের গানটি তাদের নিয়ে আগ্রহ বাড়িয়েছে। ড্যাশিং লুকের রোশানের সঙ্গে গ্ল্যামার গার্ল আরিয়ানা কতটা জমাতে পারেন সিনেমায়, সেটা সময় বলবে।
ইয়াশ-ঐশী
ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমা ‘আদম’। ব্যতিক্রমী গল্পের সিনেমাটিতে জুটি হয়ে আসবেন ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী। দুই তারকার এক সঙ্গে এটাই প্রথম সিনেমা। এরই মধ্যে এ জুটি বেশ আলোচনায় রয়েছেন। তাদের সিনেমার ট্রেলার, গান প্রকাশ হয়েছে। সেখানে দুই তারকাই আভাস দিলেন জমজমাট এক রসায়নের।