প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৪:৩৭ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ১৫:২১ পিএম
কিছুদিন আগেই রাজস্থানে শুটিং করার সময় হৃদরোগে আক্রান্ত হন সুস্মিতা সেন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একটি সার্জারি করা হয়। তারপর থেকে মুম্বাইয়ে তার বাড়িতেই ছিলেন তিনি। সব জটিলতা কাটিয়ে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠতে থাকেন। এবার সবাইকে স্বস্তি দিয়ে কাজেও ফিরলেন।
শনিবার, ১৫ এপ্রিল জয়পুরে পৌঁছান এই অভিনেত্রী। সেখানেই তিনি তার আগামী সিরিজ আরিয়া-৩-এর শুটিং শুরু করবেন। তিনি একটি লাইভ চ্যাটে তার সব অনুরাগীকে জানান যে, কাজে ফিরে তার দারুণ লাগছে। তিনি আরও জানান, এই কদিনে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন। প্রচুর ব্যায়াম করেছেন তিনি এই কদিন। সবাইকে তিনি ধন্যবাদ জানান তার পাশে থাকার জন্য, তার আরোগ্য কামনা করার জন্য। তিনি বলেন, 'আমার সেই সমস্ত ভালোবাসার প্রয়োজন আছে, যা এনার্জি ও উৎসাহে ভরপুর।’
সুস্মিতা বলেন, ‘অ্যাক্টিভ জীবনযাপন, ব্যায়াম করা, জিম করার কার্যকারিতা আমাদের জীবনে অনেক জরুরি।
একমাত্র জিম আমাকে সাহায্য করেছে। আমার হার্ট অ্যাটাকটা ম্যাসিভ ছিল। আমার মেইন ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। কিন্তু আমি বেঁচে গিয়েছি, কারণ আমি একটি অ্যাক্টিভ জীবনযাপন করতাম। আমি অত্যন্ত ভাগ্যবতী যে ওটা আমায় অতটা ভয় দেখায়নি। কষ্ট দেয়নি। আমি এখন সামনের দিকে তাকিয়ে এগোতে চাই।'