প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৯:০৭ পিএম
নাট্যদল ঢাকা পদাতিক দিল্লিতে বাংলা উৎসবে অংশ নিতে এখন ভারতে অবস্থান করছে। আজ থেকে দিল্লিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলা উৎসব। এতে আজ পদাতিকের আলোচিত প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’ মঞ্চস্থ হয়েছে। আগামী ১৬ এপ্রিল নাটকটির আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলো ঢাকা পদাতিকের একটি দল। দিল্লির চিত্তরঞ্জন পার্কের বিপিন মিলনায়তনে বাংলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ-ভারত ইতিহাস-ঐতিহ্য পরিষদ ও বিহু ক্রিয়েশন যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
ঢাকা পদাতিকের ৩৮তম এ প্রযোজনা রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যজন মাসুম আজিজ। বৃটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টার দা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে নাটকটি মঞ্চে আনে ঢাকা পদাতিক।
জীবদ্দশায় নাট্যকার মাসুম আজিজ এ নাটক প্রসঙ্গে বলেছিলেন— ‘নাটকটি কীভাবে মঞ্চে আনব তা নিয়ে আমার দারুণ উৎকণ্ঠা ছিল। শেষমেষ ভেবে দেখলাম সহজ করে সহজ কায়দায় গল্পটা বলে যাই। আমার মনে হয়, দর্শক বিশ্বাস করবেন। আর আমরা তো ইতিহাসকে আশ্রয় করেছি কেবল। প্রকৃত অর্থে ইতিহাস বর্ণনা করতে চাইনি। ইতিহাস এসেছে ব্যাখ্যার প্রয়োজনে। মাস্টারদাকে আজকের সময়ের মুখোমুখি দাঁড় করানোটাই আমরা জরুরি ভেবেছি। আর দর্শকদের করেছি বিচারক। তারাই গল্প ও প্রযোজনাটির বিচার করবেন।’