বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৬ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৮:২১ পিএম
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘বাতিঘর’-এর প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি-এর মূল গল্প অবলম্বনে মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। সন্ধ্যা ৭টায় নাটকটির অষ্টম মঞ্চায়ন হবে।
‘মাংকি ট্রায়াল’-এর গল্প ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা ‘স্কোপস মাংকি ট্রায়াল’-এর সত্য ঘটনার অবলম্বনে নির্মিত। ১৯২৫ সালে আমেরিকার হিলসবোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটস-এর ওপর বাটলার আইন লঙ্ঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। লেখক, সাংবাদিক ও সমালোচক ই. কে. হর্নবেকের রিপোর্টিংয়ের মাধ্যমে এই মামলাটি মিডিয়ায় তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি এবং আসামিপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
‘মাংকি ট্রায়াল’ নাটকটিতে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্মরণ বিশ্বাস, জর্জ দীপ্ত, রুম্মান শারু, সাবরিনা শারমিন, সঞ্জয় হালদার, ইয়াসির আরাফাত, ফয়সাল মাহমুদ, রাজু আহমেদ, রিয়াজ, উম্মে হাবিবা, শৈবাল, নাদিয়া জান্নাত, তাস্বিন, জুবিসহ বাতিঘরের নাট্যকর্মীরা। আলোক পরিকল্পনায় তানজিল আহমেদ, মঞ্চ পরিকল্পনায় রহমান মুফিজ, মঞ্চ ব্যবস্থাপনায় ফয়সাল মাহমুদ, সংগীতে সাদ্দাম রহমান ও মুহাইমিন অঞ্জন, কোরিওগ্রাফিতে শিশির সরকার ও মৃধা অয়োমী, পোশাক পরিকল্পনায় শাহানা জয় ও রুম্মান শারু, পোস্টারÑআল মামুন খোকন, প্রযোজনা অধিকর্তাÑশাহানা জয় এবং সৃজনশীল নির্দেশনায় খালিদ হাসান রুমি।
প্রবা/এসএস/এসআর